ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন মা
নাটোরের সিংড়ায় ফল ও পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ আলী গত বুধবার রাতে মারা যান। এ খবর শোনার পর তাঁর মা নুরজাহান বেগমও মারা গেছেন।
মোহাম্মদ আলীর (৬৫) ছেলে হাসান ইমাম প্রথম আলোকে বলেন, তাঁর বাবা বুধবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ খবর পাওয়ামাত্র তাঁর দাদি নুরজাহান বেগম (৮৬) সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রায় এক ঘণ্টা পর হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর শহরের দমদমা আল-জামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানে মোহাম্মদ আলীকে দাফন করা হয়। তাঁর মাকে দাফন করা হয় গ্রামের বাড়ির স্থানীয় কবরস্থানে।
মা-ছেলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থানীয় সাংসদ জুনাইদ আহ্মেদ পলক। তিনি গতকাল এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।