ছেলের মৃত্যুর খবর শুনে চলে গেলেন বাবাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ছেলের মারা যাওয়ার খবর শুনে বাবাও হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। খুলনার পাইকগাছা উপজেলার ধামরাইল গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ধামরাইল গ্রামের মোকছেদ গাজীর ছেলে শওকত গাজী (৩৫) গত শনিবার সকালে সুন্দরবনের শিপসা নদীর মান্দারবাড়িয়া এলাকায় গোলপাতা কাটতে গেলে একটি বাঘ তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গত রোববার সকালে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। এই খবর শুনে মোকছেদ গাজী (৬৮) আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মেয়ের বাড়ি থেকে ফেরার পথে বড়দলের ফকরাবাদ সংস্থা এলাকায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।রোববার বিকেলে ধামরাইল বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে বাবা ও ছেলেকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় সেখানে পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও খুলনা-৬ আসনের সাংসদ সোহরাব হোসেন এবং বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।