ছেলের রক্তে ভেসে গেল সব আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ও দাদা রে, তুমি কোথায় গেলা রে! আমার দাদারে ফিরায়া দেবে কে?’ ভাইয়ের শোকে মুহ্যমান বোনের এই বুকফাটা আহাজারির কাছে পৃথিবীর সব সান্ত্বনাই ঠুনকো। গতকাল সোমবার বিকেলে একমাত্র সহোদর সিলেট এমসি কলেজের ছাত্র উদয়েন্দু সিংহ ওরফে পলাশকে হারিয়ে এভাবেই বিলাপ করছিলেন অনামিকা সিংহ। তাঁর এই মাতমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের লাশঘরের সামনে দাঁড়ানো লোকজন অশ্রু ধরে রাখতে পারেননি। অনেকেই ডাক ছেড়ে কেঁদেছেন।সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর শিক্ষার্থী অনামিকা। ভাই দেখাশোনা করতে পারবে, ভাইয়ের ছায়ায় নিরাপদে থাকবে বোন—এই ভরসায় বাবা-মা মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে মেয়েকে সিলেটে পাঠান। ভাইয়ের মৃত্যুতে এখন সিলেট নগরে অনামিকার খোঁজ নেওয়ার আর কেউ রইল না। বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুক্তিযোদ্ধা বীরেশ্বর সিংহ ও মা ভাণ্ডারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিক উষারানী দেবীর অনেক স্বপ্ন ছিল পলাশকে নিয়ে। কিন্তু সে স্বপ্ন ভেসে গেল ছেলের রক্তে। ভাণ্ডারীগাঁওয়ে পলাশদের বাড়িতে গতকাল আপনজনদের কান্না ও বিলাপে ভারী হয়ে ওঠে বাতাস। বেলা তিনটার দিকে গিয়ে দেখা যায়, মা উষারানী দেবী ঘরের মেঝেতে লুটিয়ে বিলাপ করছেন, আর বলছেন, ‘তোমরা আমার ছেলেকে ফিরাইয়া দাও। এইভাবে আর কত মায়ের বুক খালি হইব?’