ছেলের লাঠির আঘাতে আহত বাবার মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ছেলের লাঠির আঘাতে আহত বাবা মিসির আলীর (৪৭) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।এ ঘটনায় নিহতের ভাই জয়নাল মিয়া বাদী হয়ে গতকাল হত্যা মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে নিহতের ছেলে মাসুম মিয়াকে (২০)। নিহতের পরিবারের সদস্যদের বিবরণ অনুযায়ী, মিসির আলীর বাড়ি ভৈরব উপজেলার মিরারচর গ্রামের পশ্চিমপাড়ায়। কারণে-অকারণে মাসুম তাঁর বাবার কাছে টাকা চাইতেন। টাকা পেলে তিনি কিছুদিন চুপচাপ থাকতেন। না পেলে নানাভাবে বাবাকে বিরক্ত করতেন। ২২ অক্টোবর মাসুম বাবার কাছে বড় অঙ্কের অর্থ দাবি করেন। মিসির আলী দিতে রাজি হননি। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে মাসুম লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন। ওই দিনই মিসির আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল ভোরে মিসির আলীর মৃত্যু হয়। মামলার বাদী জয়নাল মিয়া বলেন, ‘মাসুম বেপরোয়া হয়ে গিয়েছিল।’ চেষ্টা করেও মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মিসির আলীর মরদেহ বৃহস্পতিবার (গতকাল) কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।