ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে পনু হাওলাদার (৬৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।গত মঙ্গলবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলে হেমায়েত হাওলাদার (৩০) লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত অবস্থায় পনু হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে হিরু হাওলাদার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ হেমায়েত হাওলাদারকে গ্রেপ্তার করেছে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উপজেলার দক্ষিণ চেঁচরি গ্রামের পনু হাওলাদার তাঁর বড় ছেলে হিরু হাওলাদারকে সম্প্রতি ১৫ শতাংশ জমি লিখে দেন। এ কারণে বাবার ওপর ক্ষুব্ধ হয়ে মেজ ছেলে হেমায়েত হাওলাদার তাঁকেও সমপরিমাণ জমি লিখে দিতে চাপ দেন। এতে তিনি রাজি না হলে মঙ্গলবার সকালে বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হেমায়েত তাঁর বাবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।