ছেলের লাশ দেখে মা-ও ঢলে পড়লেন মৃত্যুর কোলে
ছেলের লাশ দেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন শোকাহত বৃদ্ধা মা। এই করুণ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকালে খুলনার দাকোপ উপজেলার আচাঁভুয়া গ্রামে।পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আচাঁভুয়া গ্রামের খ্রিষ্টান ধর্মাবলম্বী কানাই সরদারের ছেলে মনোহর সরদার (৬৫) গত শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই রাত পৌনে দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। গতকাল সকালে তাঁর মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়। এ সময় ছেলের লাশ দেখে মা সেবাদাসী সরদার (৮৫) ‘ও বাবা’ বলে চিৎকার করে ওঠেন। এরপর আর কোনো কথা বলতে পারেননি তিনি। ঘটনার সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বিকেলে ধর্মীয় রীতি মেনে মা-ছেলে দুজনকে পাশাপাশি সমাহিত করা হয়েছে।প্রতিবেশী হরিহর সরদার জানান, মা-ছেলের এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাচ্ছেন।