ছেলের লাশ নিতে মায়ের প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ মর্গের এক কোণে গতকাল শনিবার দুপুরে দুই হাঁটুর মধ্যে মুখ গুঁজে জড়সড় হয়ে বসে ছিলেন বৃদ্ধ রাবেয়া খাতুন। শীতে কাঁপছিলেন। সামনে দাঁড়াতেই মুখ তুলে ব্যাকুল কণ্ঠে জানতে চাইলেন, ‘বাজান, আর কতহন লাগব?’রাবেয়া খাতুনের এই প্রতীক্ষার কারণ, তাঁর ছেলে আবদুর রহমানের (২৫) ময়নাতদন্তের কাজ চলছে মর্গে। কাজ শেষ হলেই লাশ নিয়ে যাবেন তিনি। গত শুক্রবার রাতে শ্যামপুরের বাহাদুরপুর লেন এলাকায় কুপিয়ে হত্যা করা হয় তাঁকে। পুলিশ বলছে, আবদুর রহমান ছিনতাইকারী। গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে। প্রথম আলোকে দেওয়া রাবেয়া খাতুনের ভাষ্য, আবদুর রহমান পরিবারের সঙ্গে লালমোহন পোদ্দার লেনের বাসায় থাকতেন। শুক্রবার রাত নয়টার দিকে তিনি (রাবেয়া খাতুন) শুনতে পান, বাহাদুরপুর লেনে তাঁর ছেলেকে কে বা কারা মারছে। তিনি সেখানে ছুটে গিয়ে দেখেন, একটি কারখানার ভেতর আবদুর রহমানকে বেঁধে পেটানো হচ্ছে। এ সময় ঘটনাস্থলের অদূরে থাকা পুলিশের পায়ে পড়ে ছেলেকে ছাড়িয়ে আনার অনুরোধ জানান তিনি। পুলিশ এ সময় তাঁকে বলে, ‘সমস্যা নাই। ছেড়ে দেবে।’পরে লোকজন রাবেয়ার ছেলেকে ছেড়ে দিলে তিনি তাঁকে বাসায় নিয়ে আসেন। রশি কেটে ছেলের হাত-পায়ের বাঁধন খোলার সময় মুখোশ পরা ১০-১২ জন দুর্বৃত্ত এসে তাঁকে জোর করে একই স্থানে নিয়ে যায়। তিনি গিয়ে দেখেন, তাঁর ছেলেকে ম্যানহোলে ফেলে রাখা হয়েছে। শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। এরপর তিনি ছেলেকে হাসপাতালে নিয়ে যান। প্রতিবেশী কয়েকজন বলেন, গণপিটুনিতে আবদুর রহমানের মৃত্যু হলে তাঁর গলা, মুখসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এল কীভাবে? তাঁদের অভিযোগ, দলে টানতে না পেরে প্রতিপক্ষ একটি দল আবদুর রহমানকে হত্যা করেছে। শ্যামপুর থানার দ্বিতীয় কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আবদুর রহমান ছিনতাইকারী। ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে।ওই কর্মকর্তা বলেন, ‘গণপিটুনিতে কে কীভাবে মারে, তা তো বুঝতেই পারেন।’ পরে তিনি বলেন, ছিনতাইকারী হলেও এ ধরনের হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।