ছেলের লেখাপড়ার জন্য ভিক্ষা!
স্বামী ছেড়ে চলে গেছেন। একমাত্র ভরসা ছেলে। তাই ছেলেকে লেখাপড়া করাতে অভাবের কারণে ভিক্ষা করেন ৫৫ বছর বয়সী জোসনা। তিনি নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে কারখানার আশপাশে ভিক্ষা করেন।
সৈয়দপুরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অন্ধ ভিখারিনীর সঙ্গে বই হাতে এক বালকের দেখা মেলে। বিষয়টি দেখতে পেয়ে এই প্রতিবেদক কৌতূহলবশত ওই বালক আর বৃদ্ধার সঙ্গে কথা বলেন। এ সময় জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানা এলাকায় জোসনা ভিক্ষা করে সপ্তাহের উপার্জিত ৪৮০ টাকা দিয়ে স্থানীয় একটি লাইব্রেরি থেকে ছেলের জন্য প্রয়োজনীয় কিছু বই কিনে রেলস্টেশনে ফিরছেন। ওই বালকের নাম জাবেদ। সে পলাশবাড়ী পরশমণি উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। বৃদ্ধা জোসনা তার মা।
জোসনা বলেন, ভিক্ষা করে দিনশেষে তাঁর কপালে জোটে ৮০ থেকে ১০০ টাকা। তিনি কিছু খেয়ে না-খেয়ে রেলস্টেশনে বা গেটবাজারের কোনো দোকানের বারান্দায় ঘুমিয়ে রাতটা কাটিয়ে দেন। সপ্তাহ শেষে জমানো টাকা ছেলে জাবেদের লেখাপড়ার খরচ হিসেবে পাঠিয়ে দেন নীলফামারী সদরের পূর্ব পলাশবাড়ী আরজি হাটখোলা গ্রামে থাকা মেয়ে নূর নাহারের কাছে। কারণ, সেখানে থেকেই জাবেদ পড়াশোনা করছে।
জোসনা আরও বলেন, তাঁর গ্রামের বাড়ি ডোমারে। স্বামী অন্যত্র বিয়ে করে দ্বিতীয় স্ত্রী নিয়ে বসবাস করছেন। ভিক্ষা করে নীলফামারী সদরের পূর্ব পলাশবাড়ী আরজি হাটখোলা গ্রামের ভ্যানচালক ওমর আলীর সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে জোসনা বলেন, ‘ছেলেকে মানুষের মতো মানুষ করতেই আমার এত পরিশ্রম।’
জাবেদ বলে, ‘মায়ের আশা পূরণ করতে সে প্রাণপণ চেষ্টা করছে। তার মায়ের জন্য সে গর্ব করে বলে, মায়ের ওইটুকু উপার্জন দিয়েই এখন চলছি। ভবিষ্যতে কী হবে তা জানি না। তবে নিরাশ আমি নই। যার কেউ নেই তার পাশে সৃষ্টিকর্তা আছেন।’ এক প্রশ্নের জবাবে জাবেদ বলে, ‘স্কুলড্রেস, জুতা আর ব্যাগের জন্য মাকে বলেছি। মা তা কিনে দিতে পারবেন কি না জানি না।’