ছেলের সংসারে ঠাঁই হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনসায়াহ্নে যে সময়ে ছেলেমেয়ে, ছেলেবউ ও নাতি-নাতনিদের কোলাহলের মধ্যে হেসেখেলে দিন কাটানোর কথা, সে সময়টা তাঁরা পরিবার-পরিজন ছাড়া ভিন্ন এক পরিবেশে বাস করছেন। তাঁদের ঠিকানা এখন বৃদ্ধদের জন্য নির্মিত ‘শান্তিনিবাস’। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফরিদপুর শহরের টেপাখোলা লেকপাড়ে অবস্থিত এ নিবাসে আটজন বৃদ্ধ আছেন। নিবাসীদের একজন আবদুল লতিফ মোল্লা (৬৫)। বাড়ি ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের তাহের ফকিরের ডাঙ্গি গ্রামে। ২০০৫ সালে পদ্মা নদীর ভাঙনে তিনি ভিটেমাটি হারান। স্ত্রী মারা গেছেন বছর দশেক আগে। চার ছেলের তিনজন বিয়ে করে আলাদা হয়ে গেছেন। ছেলেদের সংসারে তাঁর ঠাঁই হয়নি। ছোট ছেলে কাজের সন্ধানে চলে গেছেন ঢাকা। তিনিও খোঁজ নেন না বাবার। বছর খানেক আগে লতিফ মোল্লাকে ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাদেকুজ্জামান পাল শান্তিনিবাসে এনে দেন। জানতে চাইলে লতিফ মোল্লা বলেন, ‘বাড়িতে থাকার জায়গা নাই। ভাতও জোটে না। বাড়িতে যদি থাকার জায়গা হইত, তাহলে এই জায়গায় আইসা মরব কেন?’ আলেম খাঁর (৭০) বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা গ্রামে। ১৯৮৮ সালে স্ত্রী মারা যান। তিনি বলেন, ‘আমার চার ছেলে নিজেগো গাট্টি বাইন্ধা পগার পার হইয়া গেছে। আর আমারে রাইখা গেছে শান্তিনিবাসে।’ সন্তানেরা দেখতে আসে কি না, জানতে চাইলে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘ওইগুলার নামও মনে রাখতে চাই না।’ একই গ্রামে বাড়ি আবদুল গফুরের (৯০)। তিনি বলেন, ‘মেজো ছেলের সংসারে থাকতাম। ঠিকমতো খাবার দিত না। ছেলের বউ উঠতে-বসতে গালিগালাজ করত। তাই রাগ কইরা নিজেই এইখানে আইসা উঠছি।’ তারপর কেটে গেছে ১০টি বছর। তিনি আরও বলেন, ‘এখানে বাড়ির চেয়ে ভালো আছি। বাড়িতে থাকার জায়গা নেই, চৌকি নেই, ফ্যান নেই। ওরা আমাকে কিনে দেয়নি।’ এখানকার বৃদ্ধদের দেখভালের জন্য আছেন তিনজন আয়া, দুজন বাবুর্চি, দুজন প্রহরী ও একজন সুইপার। আয়া হালিমা আক্তার বলেন, ‘এখানে কাজ করতে ভালোই লাগে। শুধু চাকরি হিসাবে দেখি না। কর্তব্য মনে করে কাজ করি। সবাই তো আমার বাবার বয়সী। অবশ্য সব সময় তাঁদের মন জুগিয়ে চলতে পারি—তা নয়। বৃদ্ধরা কেউ কেউ মাঝেমধ্যে রেগে যান।’ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. সহিউল্লাহ বলেন, ‘সরকার প্রতি মাসে প্রতি নিবাসীর জন্য দুই হাজার টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে তিন বেলা খাবার বাবদ এক হাজার ৬০০ টাকা। বাকি ৪০০ টাকা চিকিৎসাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে খরচ হয়। চিকিৎসাসহ অনুষঙ্গিক খরচ বাবদ ৪০০ টাকা খুবই অপ্রতুল। নিবাসটি চালু রাখতে আমাদের বিভিন্ন জায়গায় হাত পাততে হয়।’