আশফাক হোসেন ওরফে মুবিদ (১৯) নামের এক তরুণকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যাওয়ার এক মাস পর ছেলের সন্ধান জানতে সংবাদ সম্মেলন করলেন বাবা আবদুল কদ্দুস। গতকাল বুধবার দুপুরে তিনি ময়মনসিংহ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আবদুল কদ্দুস লিখিত বক্তব্যে জানান, তাঁদের বাড়ি গৌরীপুর শহরের মধ্যবাজার এলাকায়। আশফাক হোসেন রাজধানীর মহাখালীতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘নিটওয়্যার’ বিষয়ে পড়াশোনা করত। রমজান মাসে ছুটিতে বাড়ি এলে গত ১৯ জুন ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার থেকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আশফাককে ধরে নিয়ে যায়। পরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করলে জানানো হয়, তাঁকে (আশফাক) ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর এক মাস হয়ে গেলেও ছেলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
আবদুল কদ্দুস বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে জানানো হয়, সাইবার অপরাধের অভিযোগে আশফাককে আটক করা হয়েছে। আবদুল কদ্দুস বলেন, যদি সে সত্যিই অপরাধী হয় তাহলে প্রচলিত আইনে তার বিচার হোক। সেই বিচারের কথা আমি ও আমার পরিবার জানতে চাই।’ দিনের পর দিন ছেলের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে আছেন।
যোগাযোগ করা হলে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় কাউন্টার টেররিজম ইউনিট আশফাক নামের তরুণকে আটক করেছে। পরিবারকে এই কথা বারবার জানানো হয়েছে।