ছেলের সন্ধানে আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর থেকে মালয়েশিয়ায় পাচার হওয়া ১৪ জনের ১৯ মাসেও খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলো এখন উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। এদিকে ১১ জনের নিখোঁজের ঘটনায় বগুড়ার আদালতে মামলা করেছেন শেরপুর উপজেলার দড়িখাগা গ্রামের মোহাম্মদ আলী মণ্ডল।
আদালতের নির্দেশে বগুড়ার গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনা তদন্ত করছে । ডিবির উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান বলেন, ওই ব্যক্তি গত ২৪ মে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা দায়ের করেন। মামলায় নিখোঁজ হওয়া আরও ১০ জনের অভিভাবককে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
মজিবর রহমান আরও বলেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে শেরপুর উপজেলার বোয়ালকান্দি গ্রামের গাজীউর রহমানকে। এ ছাড়া গাজীউর রহমানের স্ত্রী রেহেনা বিবি ও জামাই মো. রনিকে আসামি করা হয়েছে। আসামিরা ইতিমধ্যে বসবাসের স্থানও পরিবর্তন করেছেন বলে তিনি নিশ্চিত করেন।
গাজীউর রহমানের জামাই উপজেলার শালফা গ্রামের মো. রনি দাবি করেন, তিনি এই পাচারের ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি বলেন, শেরপুরের ওই সব মানুষ তাঁর শ্বশুরের আত্মীয় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার পাঁচগাছি গ্রামের মো. ওয়াহাব ওরফে মাসুদের মাধ্যমে শেরপুর থেকে মালয়েশিয়ার উদ্দেশে সমুদ্রপথে রওনা দেন। তাঁর শ্বশুর গাজীউর রহমান বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন বলে তিনি জানান। এ ছাড়া শ্বশুরবাড়ির অন্যরা শেরপুর রনবিরবালা ঘাটপাড় এলাকায় ফুলবাড়ী সড়কের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন।
নিখোঁজ ব্যক্তিদের প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, শেরপুরের বিভিন্ন গ্রামের নিখোঁজ ১১ জনের সন্ধান পেতে তাঁদের অভিভাবকেরা চলতি বছরের ৯ ও ১২ মার্চ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। প্রত্যেক ডায়েরিতে উপজেলার বোয়ালকান্দি গ্রামের গাজীউর রহমানের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মোহাম্মদ আলী মণ্ডল বলেন, তাঁর ছেলে মামুনুর রশিদ মণ্ডলের (২৩) সন্ধান পেতে তিনি প্রতিদিন পত্রিকার পাতায় চোখ বুলিয়ে যাচ্ছেন। কিন্তু ছেলে কোথায় আছে খুঁজে পাচ্ছেন না। তাঁর ছেলেকে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে গাজীউর রহমানসহ মামলার অন্য আসামিরা ২০১৩ সালের ডিসেম্বর মাসে সমুদ্রপথে মালয়েশিয়া নিয়ে যায়। ছেলেকে ফিরে পেতে তিনি গাজীউর রহমানের স্ত্রী, জামাই ও তাঁর আত্মীয়ের কাছে তিন দফায় আড়াই লাখ টাকাও দিয়েছেন।
শালফা গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী মোছা. জায়েদা খাতুন বলেন, ‘আমার একমাত্র ছেলে শামীম সরকার (১৯)। গাজীউর রহমান তাকে মালয়েশিয়ায় নিয়ে যায়। আশা করিছিলাম ছেলের রোজগারের টাকা দিয়া সংসারে সুখ ফিরবি। এখন ছেলেকেই খুঁজে পাচ্ছি না।’ উপজেলার দড়িখাগা গ্রামের আনোয়ার হোসেন বলেন, তাঁর ভাই শাহাদৎ হোসেন (২৫), ভাগনে আতাউর রহমানসহ (২৪) স্থানীয় বিভিন্ন গ্রামের ১৪ জনকে গাজীউর রহমান সমুদ্রপথে মালয়েশিয়ায় নিয়ে যান। গাজীউর রহমান সর্বশেষ গত ২২ মে ফোনে জানিয়েছিলেন তাঁর ভাই ও ভাগনেকে দেশে ফেরত পাঠাবেন। এরপর থেকে গাজীউরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলতে পারেননি।