ছেলের সামনে নদীতে ভেসে গেলেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর বয়সী ছেলেকে নিয়ে চিকলী নদীতে গোসল করতে গিয়ে এক মা প্রবল স্রোতে ভেসে গেছেন। গত শনিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী হাটখোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ থাকা ওই মায়ের নাম রুমানা বেগম (২৫)। তিনি বদরগঞ্জ উপজেলার আমরুলবাড়ী হাটখোলাপাড়া গ্রামের রায়হান আলীর স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পাঁচটার দিকে ছেলে তাসমিনকে কোলে নিয়ে রুমানা বাড়ির পাশে চিকলী নদীতে গোসল করতে যান।

এরপর তাসমিনকে পাড়ে রেখে তিনি নদীতে নামেন। একপর্যায়ে তিনি নদীতে ডুবে যান। এই সময় তাসমিন ‘মা মা’ বলে কান্না শুরু করলে একই এলাকার রাশেদ (১২) নামের এক শিশু সেখানে যায়। সেখানে এসে রাশেদ নদীর মাঝখানে রুমানার শাড়ির আঁচল ভাসতে দেখে গ্রামের লোকজনকে ডেকে আনতে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে এসে রুমানাকে দেখতে পাননি।