ছেলের স্মৃতি রক্ষায় বাবার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেয়ালে হাতে আঁকা আশেকের ছবি। পাঠাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটি তুলেছেন আবদুস সালাম
দেয়ালে হাতে আঁকা আশেকের ছবি। পাঠাগারে বই পড়ছেন কয়েকজন পাঠক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছবিটি তুলেছেন আবদুস সালাম

দেশজোড়া মানুষের মন খারাপ করে দেওয়া এক বেদনাময় ঘটনা ঘটেছিল ২০১১ সালের জুলাই মাসে। কক্সবাজারে বিজ্ঞাপনের চিত্র ধারণ করতে গিয়ে সাগরে ভেসে গিয়েছিলেন তিন তরুণ—আবিদ শাহরিয়ার, মুত্তাকিন মাহমুদ ও কাজী আশেক মুস্তাফা। তাঁরা ছিলেন বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্মী এবং বন্ধু। এর মধ্যে আবিদের বাড়তি পরিচয় ছিল ক্লোজআপ তারকা হিসেবে। মুত্তাকিন নজর কেড়েছিলেন তাঁর কাজের মধ্য দিয়ে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে পাস করা আশেক জানান দিয়েছিলেন তাঁর শিল্পীসত্তা। কিন্তু মাত্র ২৬ বা ২৭ বছরে দপ করে নিভে গেল উজ্জ্বল আলোর তিনটি প্রদীপ।
তিন ভাই ও এক বোনের মধ্যে ছোট আশেক। আশেক নেই প্রায় পাঁচ বছর হলো। কিন্তু প্রতিনিয়ত ছেলেকে খুঁজে পান বাবা কে জি মুস্তাফা ও মা শামিমুন নাহার। মুস্তাফা বলছিলেন, ‘যখন এখানে এসে বসি, ওর ছবিটার দিকে তাকাই, তখন মনে হয় ও আশপাশেই আছে।’
আশেক স্মৃতি পাঠাগার। আশেক মুস্তাফার স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে পাঠাগারটির প্রতিষ্ঠা ২০১৩ সালে। পারিবারিক উদ্যোগ হলেও এটি একটি সাধারণ পাঠাগার। গণগ্রন্থাগারের নিবন্ধিত।
মালিবাগ মোড় থেকে ডিআইটি রোড ধরে রামপুরার দিকে যেতে হাতের ডানে পূর্ব হাজীপাড়া এলাকা। গলির একটু ভেতরে গেলেই চোখে পড়ে পাঠাগারের সাইনবোর্ড। বাড়ির নাম ‘চারুনিলয়’। বাড়ির চারতলার ছাদে মনোরম পরিবেশে পাঠাগারটির অবস্থান। একপাশে ছোট ছোট ছেলেমেয়ের চিত্রাঙ্কন শিক্ষাকেন্দ্র।
পাঠাগারটির উদ্যোক্তা কে জি মুস্তাফা একজন চিত্রশিল্পী। একাধিক ব্যাংক নোট ও অসংখ্য ডাকটিকিটের নকশাকার তিনি। তাঁকে নিয়ে প্রথম আলোর অন্য আলো সাময়িকীতে ২০০৮ সালে ছাপা হয় প্রচ্ছদ প্রতিবেদন ‘টাকা যার ক্যানভাস’।
পাঠাগারটির বয়স মোটে তিন বছর। তবে মহল্লার পাঠাগার হিসেবে এরই মধ্যে একটা জায়গা করে নিতে যাচ্ছে বলা যায়, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের কাছে। আফিফা আশরাফ পড়ে বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে, দ্বিতীয় শ্রেণিতে। পূর্ব রামপুরার টিভি রোডের বাসিন্দা আফিফার বাবা আশরাফুল আলম বলছিলেন, এই পাঠাগারটির কারণে আফিফা অনেক বই পড়েছে। এরই মধ্যে ওর একটা পাঠাভ্যাস তৈরি হয়ে গেছে। বাবার কথা, ‘আশা করা যায়, এই অভ্যাসটা সারা জীবন থাকবে।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখায় সপ্তম শ্রেণিতে পড়ে দেবলীনা সরকার। প্রায়ই বিকেলবেলা মাকে নিয়ে দেবলীনা এই পাঠাগারে যায়। পূর্ব হাজীপাড়ার বাসিন্দা দেবলীনার মা বলছিলেন, ‘আমরা মা-মেয়ে একসঙ্গে বই পড়ি। মনটা ভালো হয়ে যায়।’
পাঠাগারটি বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। গ্রন্থাগারিক আছেন। কার্ডধারী সদস্য ৯২ জন। সদস্য ফি ২০ টাকা, মাসিক চাঁদা ১০ টাকা। বই বাসায় নিয়েও পড়া যায়।
কে জি মুস্তাফার আক্ষেপ পাড়ার তরুণ ছেলেদের নিয়ে। পূর্ব রামপুরা, হাজীপাড়া, বউবাজার এসব এলাকায় লেখাপড়ার চল একটু কম এ কথা জানিয়ে তিনি বলছিলেন, ‘এরা রাস্তার মোড়ে, দোকানের সামনে জটলা পাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দেবে, কিন্তু পাঠাগারে আসবে না।’ বই পড়তে আসার আহ্বান জানিয়ে এলাকায় তিনি পোস্টার পর্যন্ত সাঁটিয়েছেন। কিন্তু তাতেও খুব একটা কাজ হয়েছে বলে মনে করেন না। তাই আবার পোস্টার সাঁটানোর কথা ভাবছেন। এরই মধ্যে পোস্টার ছেপেও আনা হয়েছে।
পাঠাগারে বইয়ের সংখ্যা এখন দুই হাজারের ওপর। জনপ্রিয় ধারার বই-ই বেশি। এখানে ১০ খণ্ড বাংলাপিডিয়া আছে। আছে বিভিন্ন ধর্মের বইও। মুস্তাফা বলছিলেন, ‘পাঠক চাইলে আমরা যেকোনো বই আনতে প্রস্তুত। আমরা পাঠকদের চাহিদা জানতে চাই।’
পাঠাগার পরিচালনায় যে খরচ, তা কে জি মুস্তাফা নিজেই নির্বাহ করেন বলে জানালেন। এ ছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে বছরে ২০ হাজার টাকার একটা অনুদান মেলে।
বিভিন্ন সময় অনুষ্ঠান উপলক্ষে এই পাঠাগারে গেছেন কবি অসীম সাহা, ছড়াকার আলম তালুকদারসহ অনেকেই। আরও কবি, সাহিত্যিকদের নিয়ে সাহিত্যসভা আয়োজনের ইচ্ছার কথা জানালেন মুস্তাফা। কিন্তু সবার আগে চাই বইপ্রেমী একনিষ্ঠ পাঠকগোষ্ঠী। তা না হলে কোনো কিছু করাই সম্ভব হবে না।
ভবিষ্যতে এই পাঠাগারকে ঘিরে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা, বড়দের জন্য একটু কফির ব্যবস্থা করার ইচ্ছার কথাও জানালেন তিনি।
আশেক স্মৃতি পাঠাগারকে একটি সাধারণ মানুষের পাঠাগার হিসেবে দাঁড় করাতে চান কে জি মুস্তাফা। তা করা গেলে ধরে রাখা যাবে আশেকের স্মৃতি।