অভিজিৎ হত্যায় বুয়েট শিক্ষককে সন্দেহ অজয় রায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় রায়
অজয় রায়

মুক্তমনা ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের ঘটনায়  ফারসীম মান্নান মোহাম্মাদী নামের বুয়েটের এক শিক্ষক জড়িত বলে সন্দেহ করছেন অভিজিতের বাবা অজয় রায়। শিবিরের কয়েকজনের সংশ্লিষ্টতাসহ হত্যাকাণ্ডের দিনের নিজ অনুসন্ধানের সার্বিক চিত্র গোয়েন্দা সংস্থার কাছে তুলে ধরেছেন বলে দাবি করেন তিনি। এর পরও এক মাসে কোনো অগ্রগতি না থাকায় তিনি হতাশা প্রকাশ করেন। 
তবে ফারসীম মান্নান মোহাম্মাদী এই অভিযোগ অস্বীকার করেছেন।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে নাগরিক সমাবেশে এসব কথা বলেন অভিজিতের বাবা। 
গত ২৬ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় এক প্রকাশনা উৎসবে অভিজিৎ ও তাঁর স্ত্রীর বিকেল সাড়ে ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত অবস্থান এবং হত্যাকাণ্ডের বিষয়ে নিজ অনুসন্ধান চিত্র তুলে ধরেন অধ্যাপক অজয় রায়।
অজয় রায় বলেন, ‘ফারসীম মান্নানের গতিবিধি ও তাঁর চরিত্র আমার কাছে প্রশ্নবিদ্ধ বলে মনে হচ্ছে। যিনি ফেসবুকের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনার ব্যবস্থা করেন। যাতে ১১ জন অতিথির মধ্যে অনাহূত চার-পাঁচজনের উপস্থিতি ছিল।’
অনাহূত ব্যক্তিরা শিবিরের উল্লেখ করে অজয় রায় বলেন, তাঁদের বুয়েটের ওই শিক্ষকই ডেকে আলোচনা স্থলে এনেছেন বলে অনাহূত ব্যক্তিরা বলেছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে অজয় রায় জানান, উদ্যানে শুদ্ধস্বরের প্রকাশনা অনুষ্ঠানে সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত অবস্থান করেন অভিজিৎ ও স্ত্রী বন্যা। অভিজিতের বক্তব্যের পর ছায়াবীথি ও অবসর প্রকাশনীর মাঝখানে ত্রিপল বিছানো উন্মুক্ত জায়গায় তাঁরা বসেন।
অভিজিতের বাবা বলেন, ‘এখানে রাত আটটা পর্যন্ত আলোচনা হয়। যেটা ফেসবুকের মাধ্যমে ফারসীম মান্নান আয়োজন করে। জিরো টু ইনফিনিটি ও পাই নামের দুটি ম্যাগাজিনের লোকজন উপস্থিত ছিল, যাদের সঙ্গে শিবিরের সংশ্লিষ্টতা রয়েছে।’ ম্যাগাজিন দুটির সম্পাদক শিবিরের আবদুল্লাহ আল মামুন অনাহূত লোকদের গালাগাল করেন বলেও উল্লেখ করেন তিনি।

অজয় রায় বলেন, ‘তোমাদের কারা আমন্ত্রণ করেছে?-জানতে চাইলে অনাহূতেরা দাবি করেন, স্যার [ফারসীম মান্নান] তাদের ডেকেছেন। এরপর অভিজিৎকে দেখে তারা সেখান থেকে উঠে চলে যায়।’ বিভিন্ন সূত্রের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে এসব তথ্য গোয়েন্দা সংস্থার কাছে জানানো হয়েছে বলে জানান অভিজিতের বাবা।

কিছুটা হতাশা প্রকাশ করে অজয় রায় বলেন, ‘সিআইডি, গোয়েন্দা বিভাগ ও ডিবিকে সবার নামসহ সার্বিক বিষয়টি জানানো হয়েছে। এরপর অনেক দিন, এক মাসের মতো সময় পার হতে যাচ্ছে, দৃশ্যত কোনো অগ্রগতি হয়েছে বলে মনে হয় না।’ এফবিআই ইতিমধ্যে অনুসন্ধান শুরু করায় তাদের সহায়তা করারও আবেদন জানান অজয় রায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফারসীম মান্নান মোহাম্মাদী প্রথম আলোকে বলেন, ‘ওই দিনের আড্ডা আমিই ডেকেছিলাম। সেদিন বুয়েটের চার জনসহ ১২ জন সেখানে উপস্থিত ছিলাম। আমরা একে অপরকে চিনি। সবার ছবি ফেসবুকে দেওয়া আছে।’
ফারসীম মান্নান মোহাম্মাদী আরও বলেন, ‘আমি স্যারের (অজয় রায়) সঙ্গে ১৬ মার্চ দেখা করে আলোচনা করেছি। আমার মনে হয়েছে, ওনার সব সংশয় কেটে গেছে। আমাকে জড়িয়ে যে কথা বলা হয়েছে, তাতে কষ্ট পেয়েছি, দুঃখজনক।’ জামায়াত-শিবিরের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি।

অভিজিতের বাবা বলেন, ‘উন্নত প্রযুক্তির মাধ্যমে এফবিআই এ হত্যাকাণ্ডে জড়িতদের বের করতে পারবে আশা করি। সেই সঙ্গে তাদের মদদদাতা মৌলবাদী গোষ্ঠীর মুখোশও উন্মোচিত হবে।’

ছেলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত বাবা বলেন, ‘আমি ও আমার পরিবার মানসিকভাবে বিধ্বস্ত। পিতার আগে পুত্রের মৃত্যু ঘটেছে। তার লাশ বহন করা আমার কাছে অত্যন্ত কঠিন। তা কিছুতেই মেনে নিতে পারছি না। অভিজিতের অনেক কিছু দেওয়ার ছিল, মৌলবাদী শক্তি তাকে বাঁচতে দিল না।’

অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে নাগরিক কমিটি আয়োজিত নাগরিক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, খন্দকার ইব্রাহীম খালেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, সারোয়ার আলী, পঙ্কজ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।