ছেলের হত্যাকারীদের বিচার চেয়ে বাবার আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের হত্যাকারীদের বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা। বললেন, ‘আমি বেশি কিছু চাইছি না। স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সন্তানের হত্যাকারীর বিচার চাইছি, ভবিষ্যতে যাতে আর কোনো বাবার বুক খালি না হয়।’ গতকাল মঙ্গলবার মৌলভীবাজার প্রেসক্লাবে উপানন্দ দাশগুপ্ত নামের ওই হতভাগ্য বাবা সংবাদ সম্মেলনে এ কথা বলেন। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার রেললাইন থেকে গত ৩০ এপ্রিল উপানন্দ দাশগুপ্তের বড় ছেলে উত্তম দাশগুপ্তের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ।লিখিত বক্তব্যে উপানন্দ জানান, উত্তম দাশগুপ্তকে অপরাধীচক্র সুপরিকল্পিতভাবে প্রতারণার মাধ্যমে জোরপূর্বক একটি পতিতার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে ওই দৃশ্য ভিডিও করে। পরে তা প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাঁকে মেরে ফেলা হয়। পরে রেললাইনে লাশ রেখে হত্যাকাণ্ডকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করে। উপানন্দ তাঁর ছেলের লেখা ৩২ পৃষ্ঠার একটি ডায়েরির কিছু অংশ প্রমাণ হিসেবে পড়ে শোনান। ডায়েরিতে উত্তম লিখেছেন, ‘তাদের সঙ্গে আমার দেখা করার কথা (৩০ এপ্রিল)। আমি জানিনা তারা কাল আমাকে কি করবে? কারণ আমার কাছে মাত্র ১০ হাজার টাকা আছে।...আমাকে যেই জায়গায় যেতে বলেছে, আমার ভীষণ ভয় হচ্ছে, যদি তারা আমাকে মেরে ফেলে। জীবনে এই দ্বিতীয়বার মৃত্যুকে ভীষণ ভয় পাচ্ছি। শুধু ভাবছি তারা যদি আমাকে মেরে ফেলে। এই জন্যই এই সত্য ঘটনা খাতায় লিখলাম।’ উপানন্দ জানান, এই ঘটনায় শ্রীমঙ্গল থানা, শ্রীমঙ্গল রেলওয়ে থানা ও কমলগঞ্জ থানায় গিয়ে মামলা করতে না পেরে গত ৮ মে মৌলভীবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে চারজনকে আসামি করে তিনি মামলা করেন। পরে আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে ১৮ মে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়। তিনি অভিযোগ করেন, ঘটনার দেড় মাস অতিবাহিত হলেও আসামিদের কেউ গ্রেপ্তার হয়নি। উপরন্তু তাঁকে ও তাঁর পরিবারের লোকজনকে আসামিরা ভয়ভীতি দেখাচ্ছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আসামিদের তিনজন হাইকোর্ট থেকে জামিন নিয়ে আছে। একজন পলাতক।’