ছেলের হাত ফিরে চান মকবুলের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি আমার ছেলের হাত ফেরত চাই। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে তার হাত উড়ে গেছে। সরকার বিদেশ থেকে হাত ঠিক করে আনুক। হাত ছাড়া ছেলে নেব না।’ এসব কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদলেন বোমায় হাতের কবজি উড়ে যাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শক (পিএসআই) মকবুল হোসেনের মা মনোয়ারা বেগম। গত রোববার রাজশাহী মহানগরের রানীবাজারে জামায়াত-শিবিরের ছোড়া বোমায় মকবুল হোসেনের হাত উড়ে যায়। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিএমএইচের সূত্র জানায়, মকবুলের অবস্থা উন্নতির দিকে। তাঁর হাতে রোববার রাতে অস্ত্রোপচার করা হয়েছে। মকবুলের সঙ্গে তাঁর বাবা আনসার আলী ঢাকায় এসেছেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ঢাকার চিকিৎসকেরা বলছেন, মকবুলের ডান হাতের কবজি থেকে নিচের দিকের পুরোটাই ফেলে দিতে হয়েছে। চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, বাঁ হাতের অবশিষ্ট কয়েকটি আঙুল হয়তো টিকে যেতে পারে। রাজশাহী মহানগর পুলিশের সূত্র জানায়, পুলিশ সদস্যের হাতের কবজি উড়ে যাওয়ার ঘটনায় শিবিরের ৫৩৩ জন নেতা-কর্মীকে আসামি করে বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। বোয়ালিয়া থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে রোববার রাতে মামলাটি করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এঁদের তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান প্রথম আলোকে জানান, এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পিএসআই মকবুলের পরিবার থাকে রাজশাহী মহানগরের সায়েরগাছা নতুনপাড়া এলাকায়। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, ছোট ছেলে মেহেদী হাসান ও একমাত্র মেয়ে আয়েশা আক্তারকে জড়িয়ে ধরে কাঁদছেন মকবুলের মা। মকবুলের বোন আয়েশা আক্তার বলেন, মকবুল ২০০৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে মাস্টার্স করেছেন। প্রশিক্ষণ শেষে গত ২৭ ফেব্রুয়ারি তিনি মতিহার থানায় শিক্ষানবিশ উপপরিদর্শক হিসেবে যোগ দেন। মকবুলের বাবা আনসার আলী রাজশাহী মহানগর পুলিশের হাবিলদার (নিরস্ত্র) হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে তিনি অবসর নিয়েছেন।