ছেলের হাতে প্রধানমন্ত্রীর কম্পিউটারের হাতেখড়ি
ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে কম্পিউটারের হাতেখড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, তিনি জয়ের কাছ থেকে কম্পিউটার শিখেছেন। তাঁর কম্পিউটার শিক্ষায় জয়ের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো বয়স নেই।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ডিজিটাল সেন্টার এন্টারপ্রেনার্স সম্মেলনের ভাষণে শেখ হাসিনা এ কথা জানান। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, জয় যখন স্কুলে পড়ে তখন তার জন্য একটি কম্পিউটার আনা হয়। বন্ধু বেবী মওদুদের মাধ্যমে কম্পিউটারে টাইপ শিখেছেন।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সব সময়ে কম্পিউটার শেখা ও প্রশিক্ষণে গুরুত্ব দিয়েছে। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে ১৯৯৬-২০০১ সালে তাঁর সরকার কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স তুলে নেয়। জয় তাঁকে কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স তুলে নেওয়ার পরামর্শ দেন। এরপর তিনি কম্পিউটারের ওপর থেকে ট্যাক্স প্রত্যাহার করে নিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিলেন।
শেখ হাসিনা বলেন, দলের কাজ সুচারুরূপে করার জন্য তাঁর দল প্রথম ১৯৯১ সালে কম্পিউটার আনে। তিনি বলেন, তখন কম্পিউটার কিনতে সাড়ে তিন লাখ টাকা দিয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগ সভানেত্রীর তথ্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর পাওলিন তামেসিস বক্তব্য দেন। স্থানীয় সরকার বিভাগের সচিব এম মনজুর হোসেন এতে সভাপতিত্ব করেন।
সাবেক ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার (ইউসিস) হিসেবে পরিচিত প্রায় ৪ হাজার ৫০০ ডিজিটাল সেন্টারের মধ্যে প্রায় ১১ হাজার উদ্যোক্তা এই সম্মেলনে যোগ দিয়েছেন।