ছেলের হাতে বাবা ও ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কানাইঘাটে ছেলের হাতে বাবা এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল বুধবার এ দুটি ঘটনা ঘটে।এদিকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুড়া গ্রামের প্রবাসী বাদল আহাম্মদের ছেলে ইমন আহাম্মদকে (৬) দুর্বৃত্তরা অপহরণের পর হত্যা করেছে। গত মঙ্গলবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:নেত্রকোনা: ইমনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে মার্বেল কিনে দেওয়ার কথা বলে শিশু ইমনকে অপহরণ করা হয়। এরপর একই গ্রামের সাইদুল ইসলাম, আল-আমিন ও আবদুর রাশিদ মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে এক লাখ টাকা ও এক ভরি স্বর্ণ মুক্তিপণ হিসেবে চান। ওই দিন ইমনের পরিবার বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে। ইমনকে না পেয়ে মঙ্গলবার তার মা নুরুন নাহার থানায় একটি মামলা করেন। এরপর চক লেঙ্গুড়া গ্রামের সাইদুল ইসলাম, আল-আমিন, আবদুর রাশিদ, শামসুদ্দিন, শালেমা বেগম ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের তথ্য অনুসারে মঙ্গলবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জামিলুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নলুয়াপাড়া সীমান্ত থেকে শিশুটির লাশ উদ্ধার করে। ওসি জানান, আসামিরা আদালতে হত্যার কথা স্বীকার করেছেন।সিলেট: জেলার কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ (পূর্ব) ইউনিয়নের দেয়াটিলা গ্রামের মুক্তিযোদ্ধা নূর উদ্দিনের (৬৫) ছেলে আক্তার হোসেন একটি পাথর কোয়ারিতে শ্রমিকের কাজ করেন। গতকাল ভোরে কাজে যাওয়ার আগে আক্তারের দৈনিক রোজগার নিয়ে বাবার সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আক্তার ক্ষুব্ধ হয়ে ঘরের একটি সুলপি দিয়ে বাবার ঊরুতে আঘাত করেন। রক্তক্ষরণে ঘটনাস্থলেই নূর উদ্দিন মারা যান। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়াজ উদ্দিন জানান, এলাকাবাসী আক্তারকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও আক্তারকে আটক করে। থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গৃধরপুর গ্রামে বড় ভাই আবদুল কদ্দুছ (৬৫) ও ছোট ভাই আবুল হাসেমের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল সকালে কদ্দুছ জমি চাষ করতে গেলে হাসেমের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে হাসেম হাতে থাকা বল্লম দিয়ে কদ্দুছকে আঘাত করেন। ঘটনাস্থলেই কদ্দুছ মারা যান। পরে সংঘর্ষে নিহতের ছেলে হেলাল উদ্দিন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম ও নূরুল ইসলাম এবং অপর পক্ষের আবুল হাসেম, তাঁর ছেলে সিরাজুল ইসলাম ও মেয়ে মাফুজা আহত হন।থানার ওসি কামরুল ইসলাম জানান, এ ঘটনায় হাসেম, সিরাজুল ও মাফুজাকে আটক করা হয়েছে।