ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মীরনগর গ্রামে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা মো. সাদেক মিয়া (৫০) খুন হয়েছেন। পুলিশ, গ্রামবাসী ও সাদেক মিয়ার পারিবারিক সূত্র জানায়, উপজেলার কালাপুর ইউনিয়নের মীরনগর গ্রামের সাদেক মিয়া এক বছর আগে ঋণ করে ছেলে জমসেদ আলীকে (২৬) দুবাই পাঠান। যাওয়ার কিছুদিন পরই জমসেদ দুবাই থেকে বাড়ি ফেরেন। দুবাই যাওয়া বাবদ ঋণের টাকা পরিশোধ করা নিয়ে গত শুক্রবার রাতে বাবা-ছেলের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জমসেদ উত্তেজিত হয়ে দা দিয়ে বাবার মাথায় উপর্যুপরি কোপ দেন। গুরুতর আহত অবস্থায় সাদেক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান। শ্রীমঙ্গল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত সাদেক মিয়ার অপর ছেলে সিদ্দিক মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছেন।