ছেলের হাতে বাবা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের ফজলে হাওলাদার (৫৫) গতকাল শনিবার খুন হয়েছেন। তাঁকে তাঁর ছেলে আবুল হোসেন শাবল দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও নিহত ফজলে হাওলাদারের পরিবার সূত্রে জানা গেছে, আবুল হোসেন গত শুক্রবার রাতে জুয়া খেলে বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানকে মারধর করেন।
গতকাল সকালে এই বিষয়ে আবুলের ছেলে মিরন (১২) দাদা ফজলে হাওলাদারের কাছে অভিযোগ করে। এতে ক্ষেপে গিয়ে ফজলে হাওলাদার আবুলকে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি আবুলকে গালাগাল করে জমিতে কাজ করার জন্য চলে যান। আবুল বাড়িতে এসে এই ঘটনা জানতে পেরে শাবল নিয়ে জমিতে গিয়ে ফজলের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আন্ডারচর বাজারে পল্লি চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনার পর থেকে আবুল হোসেন পলাতক।