ছেলের হাতে বাবা খুন, গলা কেটে কৃষককে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে লিজন হোসেন ওরফে দেবা (৩৫) নামে এক তরুণের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ৷ কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ বাগেরহাটে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন৷ আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গা: মুজিনবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, লিজন মুজিবননগর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা৷ তাঁর বিরুদ্ধে মুজিবনগর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে৷
দামুড়হুদা থানার পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল গতকাল সকাল ১০টার দিকে জগন্নাথপুর গ্রামের গুয়েচারা মাঠ থেকে মস্তকবিহীন একটি লাশ উদ্ধার করে৷ লাশের পাশে একটি সাদা কাগজে ‘দেবা ৪৪৫ নং ২০১৪/০৬/১৯’ লেখা চিরকুট উদ্ধার করা হয়৷ নিহতের মাথা খঁুজে না পাওয়ায় পুলিশ প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে লাশটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ িচরকুটে লেখা দেখে পুলিশ লিজনের পরিবারকে খবর দেয়৷ খবর পেয়ে দুপুরে লিজনের এক ভাইসহ স্বজনেরা গিয়ে শরীরে একটি ক্ষতচিহ্ন ও পরনের লুঙ্গি দেখে লাশ শনাক্ত করেন৷ ময়নাতদন্ত শেষে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়৷
বাগেরহাট: মোরেলগঞ্জ থানার ওসি আসলাম খান নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, মোরেলগঞ্জে দক্ষিণ সুতালড়ি গ্রামের সালাম মীর (৫৫) তাঁর ছেলে রবিউল মীরকে (২৫) এলাকায় ভাড়ায় চালানোর জন্য একটি মোটরসাইকেল কিনে দেন৷ রবিউল ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে যে টাকা উপার্জন করছিলেন, তা থেকে প্রতিদিন বাবাকে দেড় শ করে টাকা দিচ্ছিলেন৷ এক সপ্তাহ ধরে তিনি টাকা দেওয়া বন্ধ করে দিলে সালাম মোটরসাইকেলটি জব্দ করেন৷ এই নিয়ে বৃহস্পতিবার সকাল আটটার দিকে বাড়িতে বাবা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে রবিউল ক্ষুব্ধ হয়ে সালামকে বুকে ছুরিকাঘাত করেন৷ পরে পরিবারের সদস্যরা মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন৷ রবিউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে৷
কুষ্টিয়া: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে প্রায় তিন বছর আগে আবদুল খান (৪৫) তাঁর নিজ গ্রাম মিরপুর উপজেলার সুলতানপুর থেকে পালিয়ে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে আসেন৷ বুধবার গভীর রাতে একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে করে আট-দশজন দুর্বৃত্ত ঘরে ঢুকে স্ত্রীকে বেঁধে আবদুল খানকে গলা কেটে হত্যা করে৷ পরে তারা নির্বিঘ্নে চলে যায়৷ এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে আবদুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন৷ খবর পেয়ে পুলিশ গতকাল সকালে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷