ছেলের হামলায় বাবা নিহত
খুলনা মহানগরের হাজী মুহসীন রোডে গতকাল শনিবার ভোরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন হাসান মোহাম্মদ শহীদুল্লাহ (৭০)। পরিবারের সদস্যদের দাবি, শহীদুল্লাহর ছোট ছেলে বদরুল হাসান (২৭) এ ঘটনা ঘটিয়েছেন। সদর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) এনায়েত জানান, নিহত শহীদুল্লাহর মাথায় দুটি আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।নিহত শহীদুল্লাহর স্বজনেরা জানান, বাড়ির দোতলায় বাবার শোবার ঘরের পাশেই বদরুল থাকতেন। ভোরের দিকে বদরুল বাবার ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাঁকে কুপিয়ে হত্যা করেন। এ সময় পাশের ঘরে থাকা বড় ভাবি তাছলিমাকে ডেকে বলেন, ‘দেখো, আমি আব্বাকে কী করেছি।’ এরপর বড় ভাই মেহেদি হাসান ও অন্যরা শহীদুল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত শহীদুল্লাহর বড় ছেলে মেহেদি হাসান জানান, ‘বেকারত্ব ও হতাশার কারণে বদরুল এই ঘটনা ঘটিয়েছে।’