
বিয়ের বয়স ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বহাল রাখার দাবিতে গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে মন্ত্রিপরিষদের সভায় ছেলে ও মেয়েদের বিয়ের বয়স কমিয়ে ১৮ ও ১৬ বছর করার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেন নারীনেত্রীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের নারী ফোরাম ও মানবকল্যাণ পরিষদ যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টার দিকে নারীনেত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করেন। তাঁরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ১০টার দিকে শহরের চৌরাস্তায় মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তাঁরা বিয়ের বয়স পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদ এবং মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বহালের দাবিতে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।
মানববন্ধনে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার বলেন, ‘এ ধরনের প্রস্তাব সমাজ ও পরিবারে নানা নেতিবাচক প্রভাব ফেলবে। দেশে নারীদের প্রজনন স্বাস্থ্যের যে দুরবস্থা, তাতে ১৮ বছরের আগে কোনোভাবেই নারীদের সন্তান ধারণে উৎসাহিত করা উচিত নয়। কম বয়সে সন্তান ধারণ মা ও শিশুর ক্ষেত্রে যেসব শারীরিক ও মানসিক বিপর্যয় ডেকে আনে, তা মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই।