ছেলেরা ডুবালেন সাংসদের নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফাজ উদ্দিন
আফাজ উদ্দিন

দশম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ক্ষমতাসীন মহাজোটের হয়ে নৌকা প্রতীকে সাংসদ আফাজ উদ্দিন আহমেদ ভোট পেয়েছেন ৫২ হাজার ৯০৯টি। স্বতন্ত্র হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক চৌধুরী পেয়েছেন ৬২ হাজার ৫২৮ ভোট। দুজনের ভোটের ব্যবধান নয় হাজার ৬১৯ ভোট।
এলাকার ভোটারদের মতে, বর্তমান সাংসদের ছেলেদের অনিয়ম-দুর্নীতির কারণেই নৌকা ডুবে গেছে। তবে সাংসদের ছেলে এজাজ আহমেদের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল হক চৌধুরী ব্যাপক ভোট জালিয়াতি করে জয়ী হয়েছেন।
বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির শাসনামলে নির্যাতন, খুন, অপহরণ, চরাঞ্চলে লালচাঁদ বাহিনীর তাণ্ডব, মামলা-হামলায় অতিষ্ঠ দৌলতপুরবাসী মুক্তি পেতে ২০০৮ সালের নির্বাচনে আফাজ উদ্দিনকে বিপুল ভোটে নৌকা প্রতীকে জয় এনে দিয়েছিলেন। তবে গত পাঁচ বছরে সাংসদের দুই ছেলে আরিফ আহমেদ ও এজাজ আহমেদের দুর্নীতির রাহুগ্রাসে বন্দী হয়ে পড়ে দৌলতপুরবাসী। কোনো প্রয়োজনে এলাকার লোকজন সাংসদের কাছে গেলে তিনি তাঁর দুই ছেলের সঙ্গে দেখা করার পরামর্শ দিতেন।
২০০৮ সালের নির্বাচনে আফাজ উদ্দিনের প্রধান প্রতিশ্রুতি ছিল নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ ও এলাকার মানুষের উন্নয়ন, প্রাগপুরে স্থলবন্দর নির্মাণ, সড়কের উন্নয়ন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন সাধন করা। কিন্তু প্রতিশ্রুতির কোনোটিই পূরণ করা হয়নি; বরং মহাজোটের শাসনামলে সাংসদের ছেলে ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ এলাকার মাদক ব্যবসা, সন্ত্রাস ও থানা-পুলিশ নিয়ন্ত্রণ করায় ব্যস্ত ছিলেন।
অভিযোগ রয়েছে, সাংসদের ছোট ছেলে এজাজ আহমেদ এলাকার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়োগ-বাণিজ্য, সাংসদের আস্থা ভাজন মফিদুল ইসলাম ও শরিফুল ইসলাম গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ টিআর, কাবিখার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এসব কারণে উপজেলা আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা এখন আর রাজনীতিতে পাত্তা পান না।
এলাকাবাসীর অভিযোগ, গ্রামের হাটে চটে চাল বিক্রি করা মফিদুল ইসলাম ও শরিফুল ইসলাম টিআর-কাবিখা লুটপাট করে পাঁচ বছরে আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন। মসজিদ, মন্দির, কবরস্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে-বেনামে ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা লুটপাট করেন।
মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী নিয়োগের নামে মোটা অঙ্কের নিয়োগ-বাণিজ্য করা হয়েছে। বন্যা, পদ্মা নদীর ভাঙন, টর্নেডোসহ প্রাকৃতিক দুর্যোগের কবলে চরাঞ্চলের চারটি ইউনিয়নসহ তালবাড়িয়া গ্রাম লন্ডভন্ড হলেও ওই সব এলাকায় সাংসদের দেখা মেলেনি। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রার্থী দেওয়ায় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ বিএনপির দখলে চলে যায়। ভোটে এই ইস্যুগুলো কাজ করেছে। এসব নিয়ে সাংসদের ছেলেরা গত পাঁচ বছরে কয়েকটি জাতীয় পত্রিকায় খবরের শিরোনাম হয়েছেন।
অনিয়ম-দুর্নীতির কথা অস্বীকার করে এজাজ আহমেদ জানান, ভোটে বেশ কয়েকটি কেন্দ্রে রেজাউল ইসলামের লোকজন ভোট জালিয়াতি করেছেন। রেজাউল জয়ী হওয়ার পর থেকেই তাঁর অনুগতরা তাঁদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে মারধর ও বাড়িঘর ভাঙচুর করেছেন। এজেন্ট হওয়ায় রেজাউলের লোকজন ভোটের দিন রাতে জহুরুল ইসলাম নামের এক কর্মীকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন বলেন, আফাজ উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় দলের নেতারা ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামেন।
জয়ী প্রার্থী রেজাউল হক চৌধুরীর মতে, ‘সাংসদের ছেলেদের দুর্নীতি আমার জয়কে সহজ করে দিয়েছে।’
এ ব্যাপারে সাংসদ আফাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দলের ভেতর থেকেই পরিকল্পিতভাবে আমাকে হারানো হয়েছে। এর পেছনে শীর্ষ এক নেতা কলকাঠি নেড়েছেন।’