ছেলেরা পেল রক্ষা, মা পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট দুই ছেলে ও ঋণের টাকা রক্ষা করতে গিয়ে আগুনে ঝাঁপ দিয়েছিলেন এক মা। সন্তান দুটিকে বাঁচাতে পারলেও টাকা এবং নিজেকে রক্ষা করতে পারেননি নূরজাহান (২৫)। ঘটনাটি ঘটে গতকাল রোববার দুপুরে ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের হাওলাদার বাড়িতে।নূরজাহানের স্বামী কায়েকাউজ হাওলাদার (৩৪) পেশায় কাঠমিস্ত্রি। তিনি ও তাঁর বড় ছেলে হূদয় (৬) জানায়, বেলা দুইটার দিকে নূরজাহান চুলায় রান্না চড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। এসে দেখেন ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় ঘরের মধ্যে থাকা হূদয় ও জিহাদের (৩) কান্না শুনে তিনি আগুনের মধ্য দিয়ে লাফ দিয়ে ঘরে ঢোকেন। দুই ছেলেকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। কিন্তু ঘরের মধ্যে কৌটায় রাখা ১০ হাজার টাকার (ঋণ নেওয়া) কথা মনে পড়তেই নূরজাহান ফের ঘরে ঢোকেন। এবার আর ফিরতে পারলেন না। ঘরচাপায় ও আগুনে পুড়ে ছাই হয়ে গেলেন। এ সময় ছেলে দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের চিৎকার শুনেছে। কিন্তু বাঁচাতে পারেনি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নূরজাহান ও কায়েকাউজের বাড়িটি অন্য বাড়ি থেকে কিছুটা দূরে। কুঁড়েঘরটির বেড়া ছিল হোগলাপাতার তৈরি। আগুন লাগার পরপর দ্রুত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। কায়েকাউজ হাওলাদার আরও জানান, তিনি ও তাঁর স্ত্রী গত শনিবার বেসরকারি সংস্থা গ্রামীণ সমিতি থেকে ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। দুর্ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন।