ছেলেশিশুকে যৌন নিপীড়নের মামলায় চিকিৎসকের রিমান্ড
১২ বছরের এক ছেলেশিশুকে যৌন নিপীড়নের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রাজধানীর একটি সরকারি হাসপাতালের চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এই চিকিৎসককে আদালতে হাজির করেন কদমতলী থানায় করা মামলাটির তদন্তকারী কর্মকর্তা। তিনি তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, এই চিকিৎসক ওই ছেলেটিসহ আরও ছয়-সাতজন ছেলেশিশুর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। এসব ছেলেকে কাছে রাখার জন্য তিনি প্রায়ই চকলেট, নাশতা খাওয়াতেন। মাঝেমধ্যে ভালো রেস্তোরাঁয় নিয়ে খাওয়াতেন। ওই সরকারি হাসপাতাল-সংলগ্ন একটি বাসায় একা থাকেন তিনি। কয়েক দিন আগে ওই চিকিৎসক নির্যাতনের শিকার ছেলেশিশুটিকে বাড়ি ডেকে নিয়ে যান। পরে শিশুটি তাঁর দ্বারা যৌন নিপীড়নের শিকার হন। শিশুটির মা গতকাল বৃহস্পতিবার বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় গতকালই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। অল্পবয়সী ছেলেদের ওই চিকিৎসক আগেও যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ আছে। তাই তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।