কুষ্টিয়ার বড়বাজার রেলস্টেশনের কোয়ার্টারে গত সোমবার দুপুরে এক ছেলেশিশুকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় পোড়াদহ জিআরপি থানায় মামলা করা হয়েছে। এজাহার ও পুলিশ সূত্র জানায়, যৌন নির্যাতনের শিকার ছেলেশিশুটির (১২) বাড়ি কুষ্টিয়ার বড়বাজার এলাকায়। সে রেলস্টেশনের পাশেই একটি খাবারের দোকানে কাজ করত। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাজ শেষে রেলস্টেশনের সামনে দিয়ে বাড়ি ফিরছিল। একপর্যায়ে পোড়াদহ জিআরপি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তোরাব আলী তাকে রেলস্টেশনের কোয়ার্টারে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এ ছাড়া তোরাবকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাঁকে থানায় সোপর্দ করা হয়।পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আদালতের মাধ্যমে এএসআই তোরাবকে জেলা কারাগারে পাঠানো হয়েছেন।