ছেলেশিশুরও বিয়ে বিশেষ বিধানে?
>*আইনের খসড়ায় পরিবর্তনের প্রস্তাব সংসদীয় কমিটির*প্রতিমন্ত্রী বললেন, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সবকিছু করা হচ্ছে
বাল্যবিবাহের ক্ষেত্রে বিশেষ বিধান শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের জন্যও প্রযোজ্য হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশ এটি। তবে কোন যুক্তিতে ছেলেদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে, তা স্পষ্ট করা হয়নি।
বাল্যবিবাহ নিরোধ আইনের খসড়ায় মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর রাখা হলেও বিশেষ বিধানের মাধ্যমে মেয়েশিশুর বিয়ের কথা বলা হয়েছে। এ নিয়ে ২০১৪ সাল থেকে নানা আলোচনা, সমালোচনা হলেও ছেলেশিশুর বিয়ের কথাটি আলোচনায় আসেনি। ছেলেশিশুদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে বিশেষ বিধানের পক্ষে কোনো দাবিও তোলেনি কেউ। আইনের খসড়ায় ছেলেদের ন্যূনতম বিয়ের বয়স ২১ বছর রাখা হয়েছে।
তবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মোমিন ৯ ফেব্রুয়ারি সংসদে যে প্রতিবেদন জমা দেন, তাতে সুপারিশ করেন, ছেলেদের জন্যও বিশেষ বিধান প্রযোজ্য হতে হবে। বাল্যবিবাহ নিরোধ বিল ২০১৭ যাচাই-বাছাই করে এই বিধান করার সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এর আগে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বিলটি গত ৮ ডিসেম্বর সংসদে উত্থাপন করেছিলেন। এরপর বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের উত্থাপিত বিলের ১৯ ধারায় বলা হয়েছে, ‘এই আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশক্রমে এবং মাতা-পিতার সম্মতিক্রমে বিধি দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিয়ে সম্পাদিত হলে তা এই আইনের অধীন অপরাধ বলে গণ্য হবে না।’ এ ক্ষেত্রে সংসদীয় কমিটি ‘কোনো বিশেষ প্রেক্ষাপটে অপ্রাপ্তবয়স্ক কোনো নারীর’ শব্দগুচ্ছ বাদ দিয়ে ‘বিধি দ্বারা নির্ধারিত কোনো বিশেষ ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্কের’ এবং ‘মাতা-পিতা’ শব্দের পরিবর্তে ‘পিতা-মাতা বা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের’ শব্দগুচ্ছ যোগ করার সুপারিশ করেছে। অর্থাৎ নারীর পাশাপাশি পুরুষের ক্ষেত্রেও বিশেষ বিধান প্রযোজ্য করার কথা বলা হয়েছে।
ধর্ষণের শিকার হয়ে মেয়েশিশুর অন্তঃসত্ত্বা হয়ে পড়া, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কোনো অঘটন ইত্যাদি বিশেষ ক্ষেত্রে আইনের বিশেষ ধারা রাখার পক্ষে জোরালো যুক্তি উত্থাপন করছে সরকার। কিন্তু এ ক্ষেত্রে ছেলেশিশুদেরও বিশেষ বিধানের আওতায় আনার যুক্তি কী, এ নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নেই।
এ রকম বিধানের প্রস্তাব করার যথার্থতা ব্যাখ্যা করতে গিয়ে সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মোমিন প্রথম আলোকে বলেন, ‘শুধু মেয়েদের কথা বললে হবে না। ছেলেরা বলবে আমাদের জন্য কোনো বিধান নেই কেন? আমরা বালকদের কথাও মনে রেখেছি।’
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ধরুন, আপনি গ্রামে থাকেন, দরিদ্র। অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে একটা অঘটন ঘটাল। সমাজের সবাই মেয়েটার দিকে আঙুল তুলবে। খারাপ বলবে। মেয়ের পরিবারকে একঘরে করে দেবে। অঘটনের ফলে যে শিশুর জন্ম হলো ভবিষ্যতে তার বাবার নাম না থাকলে স্কুলে ভর্তি করতে পারবে না। অন্যদিকে বিয়ে হয়ে গেলে ওই ছেলে ও মেয়ে এবং তাদের সন্তানের একটা পরিচয় থাকল। বিয়ের পরে ছেলেটা যদি চলেও যায়, তাতেও কিছু আসে যায় না।’
রেবেকা মোমিন বলেন, এ ধরনের ঘটনায় আদালতে যেতে হবে, প্রমাণ দিতে হবে। আদালতের অনুমতি পেতে হবে। তাই ব্যাপারটি খুব সহজ হবে না। অপ্রাপ্তবয়স্কদের বিয়ের ব্যাপারটি দেখার জন্য প্রশাসন ও সমাজের গণমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি থাকবে। সরকারকে শুধু শহরের কথা চিন্তা করলে হয় না, প্রত্যন্ত গ্রামের কথাও চিন্তা করতে হয়। আজ থেকে ১০ বা ১৫ বছর পরে গ্রামের ছেলেমেয়েরা যখন আরও শিক্ষিত হবে, তখন বাল্যবিবাহ থাকবেই না। তখন আবার নতুন করে আইন করা যাবে।
এ বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ প্রথম আলোকে বলেন, আইনের বিধিতে সবকিছু স্পষ্ট করা হবে। তবে এ ধরনের ঘটনা কত শতাংশের বেলায় ঘটবে? এ ধরনের বিধান রাখা হলেই তা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে, তা নয়। যুক্তিসংগত কারণ থাকতে হবে। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার কথা চিন্তা করেই সবকিছু করা হচ্ছে। আর সরকার যে বিধি করবে, তা সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই করা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি প্রতিবন্ধী ছেলে, যাকে দেখার কেউ নেই, তাকে দেখভালের কথা চিন্তা করে সামাজিক বাস্তবতায় বিয়ে দেওয়া যেতে পারে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা, নারী ও মানবাধিকার কর্মীরা মূল খসড়ার বিশেষ বিধান নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন। এবার ছেলেশিশুর বিয়ের বিধানকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন নারী অধিকার ও মানবাধিকার কর্মীরা।
জেন্ডার বিশেষজ্ঞ ফেরদৌসী সুলতানা প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী ছেলেশিশুর কথা বিবেচনা করলে ওই শিশুকে আরেক শিশুর সঙ্গে বিয়ে দিতে হবে। কেননা দেশীয় বাস্তবতায় সাধারণত বরের চেয়ে কনের বয়স কয়েক বছর কম হয়। বিয়ের পর ওই মেয়েশিশু সন্তানের মা হবে। অন্যদিকে প্রতিবন্ধী স্বামী, অর্থাৎ আরেক শিশুর দায়িত্বও তাকেই নিতে হবে। এটা কোনো যুক্তির মধ্যেই পড়ে না। আর ছেলে বা মেয়েশিশু অঘটন ঘটালে বিয়ে কোনোভাবেই সমাধান হতে পারে না। শিশুর সুরক্ষায় রাষ্ট্রকেই দায়িত্ব নিতে হবে।
স্নায়বিক বিকাশজনিত প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের সংগঠন সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম জানালেন, তিনি জাতীয় প্রতিবন্ধী ফোরাম, সুইড বাংলাদেশসহ প্রায় ৩৬ বছর ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধী ছেলেশিশুর সুরক্ষায় বিয়ের বিধানের কোনো কথা তিনি শোনেননি। জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় যে সনদ, তাতেও প্রতিবন্ধী ছেলেশিশুর জন্য এ ধরনের কোনো কথা বলা হয়নি। কেননা প্রতিবন্ধী শিশু ও ব্যক্তির সুরক্ষার দায়িত্ব সরকারের।
জওয়াহেরুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের যৌন অধিকার আছে। সে বিবেচনায় তাদের বিয়েও দেওয়া হয়। তবে কোনো অবস্থাতেই শিশুর বিয়ের কথা বলা হয়নি। তিনি জানালেন, তিনি তাঁর বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ২০ বছর বয়সে বিয়ে দিয়েছেন।
জাতিসংঘ শিশু অধিকার কমিটির কাছে শিশু অধিকার সনদের পঞ্চম প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ সরকার। ২০১৫ সালে কমিটি এ পঞ্চম প্রতিবেদন পর্যালোচনা করে সমাপনী পর্যবেক্ষণে বাল্যবিবাহকে ক্ষতিকর চর্চা হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে। কমিটি বলেছে, দেশের বিদ্যমান আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ এবং ছেলেদের ২১ বছর নির্ধারণ করা হলেও শিশুবিবাহ, মূলত কন্যাশিশুর বিবাহের হার অনেক বেশি, যা খুবই উদ্বেগজনক। কমিটি এ ধরনের ক্ষতিকর চর্চা বন্ধে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে বলেছে।
জাতিসংঘের শিশু তহবিল—ইউনিসেফ বাংলাদেশের জেন্ডার উপদেষ্টা এবং বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচির ফোকাল পয়েন্ট রোশনী বসু প্রথম আলোকে বলেন, ইউনিসেফ কখনোই শিশু বিয়ের পক্ষে নয়। এখানে ছেলে বা মেয়েশিশু বলে আলাদা কোনো কথা নেই। কেননা এ ধরনের বিয়ে শিশুর অধিকারের পরিপন্থী। বাংলাদেশ সরকার ছেলে ও মেয়েশিশুর বিয়ের জন্য আইনের খসড়ায় বিশেষ বিধান রেখেছে। তবে কোন যুক্তিতে এ বিশেষ বিধান, তা বলা হয়নি। ইউনিসেফ আইনটির বিধি তৈরিতে কারিগরি সহায়তা দেবে। তখন সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার সুযোগ আছে। বিধিতে এমন কিছু যুক্ত করতে হবে, যাতে এ বিশেষ বিধানকে মানুষ সহজে ব্যবহার করতে না পারে।