সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শামসুল ইসলাম চৌধুরী হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে তাঁর ছেলেসহ পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৯-এর উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইদ্রিস আলী গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।অভিযুক্ত ব্যক্তিরা হলেন: সিলেট নগরের মীরবক্সটুলার বাসিন্দা আইনজীবী শামসুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মসুদ ওরফে মাসুদ আহমদ চৌধুরী, মাইক্রোবাসের চালক জাহের আলী, মাসুদের সহযোগী সুনামগঞ্জের দোয়ারাবাজারের আনসার আলী ও তাঁর ছোট ভাই ইসমাইল হোসেন এবং মাইক্রোবাসের চালক বোরহান উদ্দিন। মাসুদের স্ত্রী জাহেদা খানমকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে মাসুদ ও জাহের পলাতক। অন্যরা কারাগারে।অভিযোগপত্রে বলা হয়, মীরবক্সটুলায় শামসুল ইসলাম চৌধুরীর বাড়ির সামনের একটি অংশ ডেভেলপার কোম্পানিকে দেওয়ার জন্য মাসুদ তাঁর বাবার কাছে বায়না ধরেন। কিন্তু তিনি পুরো সম্পত্তি ওয়াক্ফ এস্টেটভুক্ত করার পরিকল্পনার কথা জানালে মাসুদ এতে অসন্তুষ্ট হন। বাবার সম্পত্তির ভাগ না পাওয়ার বঞ্চনা থেকে হত্যার পরিকল্পনা করেন।অভিযোগপত্রে মাসুদকে সরাসরি হত্যাকারী ও পরিকল্পনাকারী বলে উল্লেখ করা হয়। বাকি চারজন মাসুদকে সহায়তা করেছেন।সূত্র জানায়, গত বছরের ২২ জুলাই রাত থেকে শামসুল ইসলাম চৌধুরীকে (৯০) পাওয়া যাচ্ছে না বলে মাসুদ সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ ও র্যাবের একটি দল তাঁর সন্ধানে তৎপর হলে মাসুদ আত্মগোপন করেন।সূত্র জানায়, আইনজীবী ‘নিখোঁজ’ হওয়ার পর তাঁর ছোট ছেলে মাসুদেরও নিখোঁজ হওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়। পরে আইনজীবীর বড় ছেলে মাহমুদ চৌধুরী ৪ আগস্ট কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে ২১ আগস্ট মাসুদের সহযোগী আনসার আলী, ইসমাইল হোসেন, বোরহান উদ্দিনকে আটক করা হয়। তাঁরা মাসুদের নেতৃত্বে শামসুল ইসলামকে হত্যা করে সুরমা নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন। ২৮ আগস্ট বোরহান ও আনসার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।সূত্র আরও জানায়, জবানবন্দিতে দেওয়া তথ্যের ভিত্তিতে সুরমা নদী থেকে আইনজীবীর হাড়গোড় উদ্ধার করা হয়। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সেগুলো শামসুল ইসলাম চৌধুরীর বলে নিশ্চিত হওয়া যায়।মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর পাঁচজনকে অভিযুক্ত করার বিষয়টি চূড়ান্ত হয়। তদন্তে মাসুদের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’