ছেলেসহ রাগীব আলীকে আদালতে হাজির করা হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পালিয়ে ভারতে গিয়ে ধরা পড়া সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাইকে আজ রোববার আদালতে হাজির করা হবে। দুজনের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তির তারাপুর চা-বাগান জালিয়াতির মাধ্যমে দখল ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে বিচারাধীন।

আজ জালিয়াতি মামলার পুনরায় সাক্ষ্য গ্রহণ ও আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান।

আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, দুই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে গত ১২ আগস্ট পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান রাগীব আলী ও তাঁর ছেলে। গত ২৩ নভেম্বর করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন রাগীব আলী। ওই দিনই তাঁকে দেশে পাঠানো হয়। গত ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে দেশে ফেরার সময় আটক হন আবদুল হাই।

এর আগে দুই আসামির অনুপস্থিতিতেই তারাপুর চা-বাগান দখলে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির অভিযোগে রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। আটকের পর আবদুল হাই আইনজীবীদের মাধ্যমে পুনরায় সাক্ষ্য গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রাগীব আলী আটকের পর আদালতে হাজির করা হলে তাঁর পক্ষের আইনজীবীরা জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে আজ রোববার মামলার অভিযোগ গঠনের শুনানির দিন তাঁকে হাজির করার নির্দেশ দেন। এ মামলায় রাগীব আলী, ছেলে আবদুল হাই ছাড়াও রাগীব আলীর মেয়ে রোজিনা কাদির, মেয়েজামাই আবদুল কাদির, দেবোত্তর সম্পত্তির ভুয়া সেবায়েত সাজা রাগীব আলীর আত্মীয়সহ ছয়জন অভিযুক্ত। এর মধ্যে রাগীব আলীর মেয়ে ও জামাই পলাতক। মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের বৈধ সেবায়েত পংকজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন।

সিলেট নগরের পাঠানটুলার উপকণ্ঠে ৪২২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে গড়ে ওঠা তারাপুর বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী। সেখানে তাঁর ও স্ত্রীর নামে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করেন। হাসপাতাল এলাকার আশপাশের চা-বাগানের জায়গা বিক্রি করেন রাগীব আলী।