ছেলেহারা বাবার কণ্ঠে কেবল আহা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুজ্জামান স্বপন
মনিরুজ্জামান স্বপন

‘আহা, ছেলে আদমজীর ভেতর গোরস্থানে৷ যেমন-তেমন মারছে ছেলেরে? দেখা যায় না৷ আ হা৷’ কথাগুলো বললেন শোকবিহ্বল মো. হায়দার আলী৷ ছেলে মনিরুজ্জামান স্বপনকে হারিয়ে তাঁর কণ্ঠে এখন কেবল ‘আহা, আহা৷’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গত সোমবার স্বপনের বাড়িতে গেলে হায়দার আলীর কণ্ঠে এই শব্দটিই শোনা গেল অনেকবার৷ নাতি-নাতনিদের হইচই, বাড়ির অন্য লোকদের কথাবার্তা এবং রাস্তায় ফেরিওয়ালাদের ডাক ছাপিয়ে শোনা গেল তাঁর গলা৷
স্বপন ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামের বন্ধু৷ জীবন নিয়ে শঙ্কা থাকায় নজরুল ব্যবহার করতেন স্বপনের গাড়ি৷ গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে ওই গাড়ি, নজরুল ও স্বপনসহ পাঁচজন অপহৃত হন৷ ৩০ এপ্রিল নজরুল, স্বপনসহ চারজনের এবং ১ মে লিটনের লাশ উদ্ধার করা হয় শীতলক্ষ্যা নদী থেকে৷
স্বপনের স্বজনদের সঙ্গে কথা বলতে সোমবার তাঁদের বাড়িতে গেলে তাঁর মা মমতাজ বেগম বললেন, তিনি আর কথা বলতে পারবেন না৷ তবে দরজা খুলে দেন৷ ছেলের এমন মৃত্যু এবং পরবর্তী ঘটনাবিলতে ক্ষুব্ধ এই শোকার্ত মা৷ বললেন, তিনি দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছিলেন। ঠিকমতো বসতে পারেন না। মৃত্যুর দু-এক দিন আগে ছেলের সঙ্গে চিকিত্সকের কাছে গিয়েছিলেন। এরপর যেন খেই হারিয়ে ফেললেন মমতাজ বেগম। স্বামীর উদ্দেশে বললেন, ‘ছেলে যদি না বাঁচে দেশ স্বাধীন করতে গেছিলা ক্যান?’ এরপর বললেন, ‘নেতারা খালি কয় বিচার হইব, বিচার হইব, হয় না কেন? সব আসামি কি দেশ ছাড়িয়া গেছে? ছেলে তো নাই, তার পোলাপানের কী হইব? ছোট বাচ্চার বয়স নয় মাস। ওর বউর কী হইব?’
হায়দার আলী বললেন, ‘ওই যে সামনে খালটা দেখা যায়, এই রকম দূরে ছিল পাকিস্তান আর্মি। যুদ্ধ করছি টানা ছয় মাস। জিত্যা ফিরছি। কেরানি থেকে আদমজীর অ্যাসিসট্যান্ট ম্যানেজার হইছি। কিন্তু ছেলে নাই। আহ-হা!’ স্ত্রী বারবার স্বামীকে তাগাদা দিচ্ছিলেন কথা শেষ করার জন্য৷ ফলে স্বপন সম্পর্কে তেমন কিছু জানা গেল না।
হায়দার আলী বললেন, ছেলে সিদ্ধিরগঞ্জ থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। সে কারণেই হয়তো শেষ করে দেওয়া হলো। তাঁর রাজপুত্রের মতো ছেলে। কিন্তু লাশ উদ্ধারের পর মুখ দেখার সাহস পাননি। শুনেছেন, তাঁর ছেলের গলায় ফাঁস দিয়ে, মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তারপর পেট চিরে ডুবিয়ে দেওয়া হয়েছে নদীতে। নালিশটা তিনি আল্লাহর কাছেই দিয়েছেন। কারণ, তিনি জানেন না শেষ পর্যন্ত ইহকালে কারও কোনো বিচার হবে কি না।