ছেলেহারা মায়ের সন্ত্রস্ত জীবন
প্রায় সাড়ে ১৪ বছর আগে হোসনে আরা বেগমের পাঁচ বছর বয়সী শিশু আজিজুল হক চৌধুরী নিখোঁজ হন ফটিকছড়ির কাঞ্চননগরের গ্রামের বাড়ি থেকে। হঠাৎ করে গত ৫ ফেব্রুয়ারি এক যুবক তাঁর বাড়িতে হাজির হয়ে নিজেকে আজিজুল হক চৌধুরী বলে পরিচয় দেন। কিন্তু কয়েক দিন থাকার পর তাঁকে ছেলে বলে মনে হচ্ছিল না হোসনে আরার। তিনি ছেলেটিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেন।
এ অবস্থায় এক রাতে ছয় যুবক মোটরসাইকেলে এসে ছেলেটিকে নিজের হারিয়ে যাওয়া ছেলে বলে পরিচয় দিতে হোসনে আরাকে (৫০) চাপ দেন ও শাসিয়ে যান। এতে যুবকটিকে নিয়ে তাঁর সন্দেহ আরও দৃঢ় হয়। এর পর থেকে ছেলেটিও হোসনে আরাকে নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। ভীতসন্ত্রস্ত হয়ে তিনি স্বামীর ভিটা ছেড়ে বাপের বাড়িতে গিয়ে ওঠেন।
পুলিশ সূত্র জানায়, হোসনে আরা ১ মে এ বিষয়ে ফটিকছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি যুবকটিকে তাঁর সন্তান নন বলে উল্লেখ করেন।
১০ দিন পর পুলিশ গতকাল শনিবার হোসনে আরার বাড়িতে যায়। কিন্তু তার আগেই ছেলেটি পালিয়ে যান।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজামউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই যুবক ভারতীয় নাগরিক বলে আমরা জানতে পেরেছি। কোনো সন্ত্রাসী চক্র তাঁকে কৌশলে হোসনে আরার বাড়িতে তুলে দিয়েছে।’
পারিবারিক সূত্র জানায়, ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর সকালে হোসনে আরার একমাত্র শিশুসন্তান আজিজুল হক চৌধুরী নিখোঁজ হন। এর পেছনে চট্টগ্রামের সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর হাত থাকতে পারে বলে অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্র জানায়, হোসনে আরার স্বামী আহমেদুল হক চৌধুরী তিন বিয়ে করেন। হোসনে আরা তৃতীয় স্ত্রী। আহমেদুল হক চৌধুরী বেঁচে নেই। তাঁর তিন সংসারে এখন তিন ছেলে ও এক মেয়ে রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গ্রামে আহমেদুল হক চৌধুরীর ৪০ একর জমি আছে। চট্টগ্রাম শহরের জিইসির মোড়ে আছে বাড়ি। কাশেম চেয়ারম্যান চাপ সৃষ্টি করে তাঁর পাঁচ একর ৯৭ শতক জমি লিখিয়ে নেওয়ার দেড়-দুই মাসের মধ্যে আহমেদুল হক চৌধুরী মারা যান। কাগজপত্রে দেখা যায়, ১৯৯৬ সালের ১৩ নভেম্বর এক দলিলে এই পুরো জমি লিখে নেওয়া হয়।
এর দুই বছর পর আহমেদুল হকের তৃতীয় স্ত্রীর ঘরের শিশুপুত্র আজিজুল হক নিখোঁজ হন। ওই ঘটনায় কাশেম চেয়ারম্যানের সহায়তায় ফটিকছড়ি থানায় একটি মামলা হয়। তাতে হোসনে আরার সৎছেলে ও ছেলের বউসহ তিনজনকে আসামি করা হয়। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০০৬ সালের ১৫ মার্চ আদালত আসামিদের বেকসুর খালাসের রায় দেন।
চট্টগ্রামের তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নূর মো. জাহাঙ্গীর সরকার তাঁর রায়ের পঞ্চম পৃষ্ঠায় লিখেন, ‘চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী এজাহারকারিনীর (হোসনে আরা) স্বামীর সম্পত্তি আত্মসাৎ করার জন্য নিজের লোক দিয়ে ভিকটিমকে (আজিজুল হক চৌধুরী) কৌশলে গুম করে এজাহারকারিনীকে কৌশলে বিভ্রান্ত করেছেন।’
কাঞ্চননগরের একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করে বলেন, আজিজুল হক চৌধুরীকে গুম করে হোসনে আরার সৎছেলে শফিকুল ইসলাম ও ছেলের বউকে ফাঁসিয়ে তাঁদেরও গ্রামছাড়া করেন কাশেম চেয়ারম্যান। হোসনে আরার স্বামী আহমেদুল হকের বিপুল সম্পত্তি দখল করতেই এটা করা হয় বলে এলাকাবাসীর ধারণা।
এই আবুল কাশেম চৌধুরী চট্টগ্রামের বিএনপি নেতা ও ব্যবসায়ী জামালউদ্দিন অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি। ২০০৩ সালের ১৩ জুলাই রাতে চট্টগ্রাম শহরের চকবাজার থেকে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় যাওয়ার পথে অপহরণ করা হয় জামালউদ্দিনকে। তাঁর পরিবারের কাছ থেকে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করেছিল কাশেম চেয়ারম্যানের লোকজন। পুলিশ তৎপর হলে অপহরণের এক মাসের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে যান কাশেম চেয়ারম্যান।
সপ্তাহ দুয়েক আগে কাঞ্চননগরে গেলে স্থানীয় বাসিন্দারা এই প্রতিবেদককে জানান, ১৪ বছর পর হারিয়ে যাওয়া ‘ছেলেকে’ হাজির করে বিশাল বাড়িতে একাকী বসবাসকারী হোসনে আরার বাকি সহায়সম্পত্তি আত্মসাৎ করতেই এই ছক তৈরি করেন আবুল কাশেম চেয়ারম্যান।
সেই দিন ওই বাড়িতে থাকা যুবকটি এই প্রতিবেদকের কাছে নিজেকে মুরাদ নামে পরিচয় দেন। তিনি বলেন, ‘হারিয়ে যাওয়ার পর আমি ভারতের দক্ষিণবঙ্গে ছিলাম। সেখানে আমার বাবার নাম খুরশিদ মৃধা। গরু ব্যবসা করেন তিনি। ২০০০ সালে আমি হারিয়ে যাই। এখন আমি ফিরে এসেছি। এখানে আমার নাম আজিজ।’
গ্রামের বাড়ি কে চিনিয়ে দিয়েছেন জানতে চাইলে এড়িয়ে যান মুরাদ নামের যুবকটি। ফটিকছড়িতে ফিরে আসার নেপথ্য কাহিনি জানতে চাইলে তিনি শুধু বলেন, ‘আমার ছবি পত্রিকায় দেবেন না।’
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইলিয়াছ প্রথম আলোকে বলেন, আজিজুল হক চৌধুরী গুম হন ১৯৯৮ সালে। তখনো সম্পত্তি হাতিয়ে নিতে তা করা হয়েছিল। এখন আবার এই যুবকের আবির্ভাবও সেই সম্পত্তির জন্যই।
স্থানীয় সূত্র জানায়, কাঞ্চননগরের দফাদার মো. নুরুল ইসলামের দোকানের সামনে ৫ ফেব্রয়ারি পায়চারি করছিলেন মুরাদ। এরপর দফাদারের মাধ্যমে হোসনে আরার বাড়িতে যান তিনি।
দফাদার মো. নুরুল ইসলাম বলেন, ‘যুবকটি নিজেকে হোসনে আরার হারিয়ে যাওয়া ছেলে বলে পরিচয় দিয়ে বাড়িতে যাওয়ার আগ্রহ দেখায়। এরপর আমি হোসনে আরার কাছে নিয়ে যাই। তবে হারিয়ে যাওয়া আজিজুল হক চৌধুরীর সঙ্গে মুরাদের চেহারার মিল নেই।’ তিনি জানান, এই মুরাদ এর আগে ফটিকছড়ির বিবিরহাটে একটি বাড়িতে সপ্তাহ খানেক ছিলেন। তাই ছেলেটিকে নিয়ে গ্রামবাসীর মনে সন্দেহ দেখা দিয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করে জানান, ছয় অপরিচিত যুবক ও এই ছেলের হুমকি-ধমকির কারণে হোসনে আরা গত দুই মাস এ বিষয়ে মুখ খোলেননি। এ প্রতিবেদক তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলতে গেলেও তিনি রাজি হননি। ছেলেটি তাঁর কি না, এ প্রশ্নের জবাবও দেননি তিনি।
তবে শেষ পর্যন্ত ভীতসন্ত্রন্ত হোসনে আরা থানায় জিডি করেন এবং নিজের বাড়িতে না ফিরে নাজিরহাটে বাপের বাড়িতে চলে যান। ১০ দিন পর গতকাল বিকেলে পুলিশ ওই বাড়িতে যায়। তবে তারা সেই যুবকটিকে খুঁজে পায়নি।