ছেলে ফিরে পাওয়া এক বাবার গল্প

এক পা নেই জহির মিয়ার। তারপরও একমাত্র ছেলেকে হারিয়ে বহু কষ্টে বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন তিনি। একপর্যায়ে ছেলেকে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। আজ রোববার আদালতের মাধ্যমে সেই ছেলেকে ফিরে পেলেন তিনি। আদালতে ছেলেকে ফিরে পাওয়ার আদেশ শুনে জহিরের চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়তে থাকে।
আদালতের নথি থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল তেজগাঁও থানা-পুলিশ জহিরের ছেলে ১৪ বছর বয়সী রাকিবকে ভবঘুরে হিসেবে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আটক করে। পরে তাঁকে রাখা হয় ভবঘুরে আশ্রয়কেন্দ্রে।

শিশু আদালতের সরকারি কৌঁসুলি সাহাবুদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, ঢাকার শিশু আদালত রাকিবকে তাঁর বাবার জিম্মায় দিয়েছেন। সকাল ১০টায় আদালতে আসেন জহির। এরপর বিকেল পর্যন্ত তিনি আদালতের সামনে ছিলেন। কৃত্রিম পা লাগিয়ে ঘুরছিলেন বলে সবার নজরে আসেন তিনি।
ছেলে হারানোর গল্প বলার সময় আবেগতাড়িত হয়ে পড়েন জহির। বলেন, এক পা না থাকায় কিছুক্ষণ হাঁটার পর বিশ্রাম নিতে হয়। তারপরও সাড়ে তিন মাস রাকিবের খোঁজে কত জায়গায় যে গেছেন তাঁর ইয়ত্তা নেই। পনেরদিন আগে ভবঘুরে আশ্রয় কেন্দ্রে গিয়ে খোঁজ পান ছেলে রাকিবের।
জহির মিয়া আদালত চত্বরে প্রথম আলোকে বলেন, ‘ছেলেকে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন আমার এত খারাপ লেগেছে তা ভাষায় বর্ণনা করতে পারব না। ছেলেকে হারানোর পর আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ছেলেকে ফিরে পেয়ে আমার জানে পানি এল।’
জহির বলেন, পা হারানোর পর থেকে দেনায় জর্জরিত তিনি। তাই রাকিবকে কাজে দেন। আরামবাগের একটি প্রেসে কাজ করত। পরে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আদালত এলাকায় রাকিবও একই কথা বলে।
জহিরের ভাষ্য, নয় বছর আগে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় তাঁর সব সুখ। বাঁ পা হারাতে হয়। চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে পড়েন। এরপর তাঁকে ছেড়ে চলে যান স্ত্রী। তারপর দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যান। কিন্তু তিন মাস আগে একমাত্র ছেলেটি হারিয়ে যায়। হন্যে হয়ে ছেলেকে খুঁজতে থাকেন।
জহির বলেন, স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিন ছেলে-মেয়েকে নিয়ে থাকেন জুরাইনে। ছেলের পরে দুই মেয়ে। একজনের বয়স নয় বছর। আরেকজনের ছয় বছর। খুব কষ্ট করে তাঁদের মানুষ করছেন। কোনোমতে চারটা ডাল-ভাত খেয়ে বেঁচে আছেন কোনোরকম। ভাড়া নিয়ে অটোরিকশা চালিয়ে সংসার চালান।