ছোট কাগজের বড় আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলার আড্ডায় (বাঁ দিক থেকে) কবি জুলফিকার মতিন, কলকাতার লেখক ইমানুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আড্ডার সঞ্চালক কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ও লেখক সনৎকুমার সাহা ও কবি রুহুল আমিন প্রামাণিক l ছবি: প্রথম আলো
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিহ্নমেলার আড্ডায় (বাঁ দিক থেকে) কবি জুলফিকার মতিন, কলকাতার লেখক ইমানুল হক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আড্ডার সঞ্চালক কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ও লেখক সনৎকুমার সাহা ও কবি রুহুল আমিন প্রামাণিক l ছবি: প্রথম আলো

রোববার রাত ১১টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবন চত্বর। কর্মীরা প্রাণপণে দুপুরের ঝড়-বৃষ্টির চিহ্ন মুছে ফেলার চেষ্টা করছেন। সাহিত্যের ছোট কাগজের সম্পাদক ও লেখকেরা একে একে ঢুকছেন চিহ্নমেলা-বিশ্ববাঙলার উঠোনে। ঢুকলেন ওপার বাংলার অলক বিশ্বাস, উমাপদ কর, মধুছন্দা তরফদার, ড. ভারতী বন্দ্যোপাধ্যায়, ইমানুল হক প্রমুখ। ছোট কাগজ চিহ্ন-এর নির্বাহী রহমান রাজু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। পাশেই নাম নিবন্ধনের খাতা নিয়ে বসে আছেন চিহ্নকর্মী দীপ্ত উদাস। আর অতিথিদের আবাসন নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন তবিবুর রহমান।
সাহিত্যের ছোট কাগজ চিহ্ন পরিবারের পক্ষ থেকে তৃতীয়বারের মতো দুই দিনব্যাপী লেখক-পাঠক-সম্পাদকদের সম্মেলন ‘চিহ্নমেলা-বিশ্ববাঙলা’র আয়োজন করা হয়েছে। মেলায় সৃজনশীল ও মননশীল শাখায় দুজন লেখককে পুরস্কৃত করা হয়। এবারের স্লোগান হচ্ছে, ‘এসো লিখিয়েসব লেখায় লেখায় ভাঙি মগজের কারফিউ’। মেলায় দুই বাংলার ছোট কাগজের প্রায় ৩০০ লেখক, সম্পাদক আর পাঠকেরা অংশ নেবেন। ১১০টি স্টল দিয়ে ঘেরা হয়েছে কলাভবন চত্বর। আগামী ১ এপ্রিল চিহ্ন পার করবে প্রকাশনার ১৬ বছর।
গতকাল সোমবার সকাল ১০টায় পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধন সহযোগে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, হাসান আজিজুল হক, প্রাবন্ধিক সনৎকুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, চিহ্নপ্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ ইকবাল ও রহমান রাজু। উদ্বোধন ঘোষণার পর ‘বাংলার মাটি বাংলার জল’ গানের সঙ্গে শুরু হয় দলীয় নৃত্য। ল্যাডলি মোহন মৈত্র ও আলো মৈত্রের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এতে অংশ নেন। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে আবার মেলা চত্বরে ফিরে আসে। মেলা প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে মানুষ। প্রাণবন্ত হয়ে ওঠে স্টলগুলো।
বেলা সোয়া ১১টার দিকে মেলামঞ্চে শুরু হয় আড্ডা। সঞ্চালক হাসান আজিজুল হক। বিষয়: বাঙালির চোখে শ্রেষ্ঠ বাঙালি। অংশগ্রহণকারী আনিসুজ্জামান, সেলিনা হোসেন, সনৎকুমার সাহা, জুলফিকার মতিন, রুহুল আমিন প্রামাণিক ও ওপার বাংলার ইমানুল হক। নির্ধারিত পাঁচ বাঙালি—রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই আলোচনা। শুরুতেই আনিসুজ্জামান রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে বললেন, প্রকৃতি কোনো ‘সুপারলেটিভ’ পছন্দ করে না। যাঁর যাঁর ক্ষেত্রে তাঁরা প্রত্যেকেই বিশিষ্ট। তালিকা ছোট করতে হলে রবীন্দ্রনাথ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে এসে ঠেকবে। সনৎকুমার সাহা বলেন, আলোচনার বিষয় নিয়ে একটি বিভ্রান্তি আছে। শ্রেষ্ঠত্ব নির্বাচন করতে গেলে আমাদের দৃষ্টিকে একটি জায়গায় নিবদ্ধ করতে হয়। কোনো জাতি একটি জায়গায় স্থির হয়ে গেলে তার মৃত্যু হয়। জাতি হচ্ছে একটি স্রোতোস্বিনীর মতো। আমরা একেক ক্ষেত্রে একেকজনের কথা বলতে পারব, ভাবতে পারব। তাঁদের তুলনা অসংগত ও অবান্তর। সেলিনা হোসেন বলেন, ড. শহীদুল্লাহ্ বলেছিলেন, রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে মেনে নেওয়া গণহত্যার শামিল। আর বঙ্গবন্ধু সেভাবে জাতিকে স্বাধিকারের জন্য তৈরি করেছিলেন। পাকিস্তান সরকার রবীন্দ্রনাথ নিষিদ্ধ করেছিল। রমনা পার্কে বঙ্গবন্ধু বলেছিলেন, আমরা রবীন্দ্রনাথ পড়ব, রবীন্দ্রসংগীত গাইব। আলোচনার শেষ পর্যায়ে সঞ্চালক বললেন, এঁদের পাঁচজনকে সামনে আনা হয়েছে। এঁরা সবাই শ্রেষ্ঠ সন্তান।
বেলা তিনটায় ‘৭ মার্চ’ স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’ মার্চের আবৃত্তি পরিবেশন করে।
চারটায় শুরু হয় গল্পকার জাকির তালুকদারের সঞ্চালনায় শিরোনামহীন আড্ডা। অংশ নেন ছোট কাগজ সম্পাদক ইমরান মাহফুজ, বীরেণ মুখার্জী, মৃত্তিকা মাহমুদ, লেখক তারেক রেজা, মাসুদুল হক, সৈকত হাবিব, কুমার দ্বীপ, আখি সিদ্দিকী প্রমুখ। পাঁচটায় কবিকণ্ঠে কবিতা পাঠ এবং সবশেষে কাজী মামুন হায়দার রানার কণ্ঠে বাউলগান এবং কাঞ্চন রায়ের ভাওয়াইয়া গান পরিবেশন করা হয়। এরপর জমে ওঠে স্টলে স্টলে লেখক-সম্পাদকদের অনানুষ্ঠানিক আড্ডা। গতকাল সন্ধ্যায় শিলিগুড়ি থেকে মেলায় এসে পেঁৗছেছেন কবি অরুণাভ রাহারায় ও গৌতম গুহরায়।
আজ মঙ্গলবার সকাল নয়টায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা।