ছোট গাছের বড় প্রদর্শনী

শনিবার দুপুর। বাইরে তখন ঝুমবৃষ্টি। ঠিক এমন পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারির সামনে বেশ কিছু মানুষ। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে উন্মুক্ত হলো প্রদর্শনীর দ্বার। শীতাতপনিয়ন্ত্রিত গ্যালারিতে ঢুকতেই চোখে পড়ল নিবিড় সবুজের নান্দনিক সমারোহ। সুদৃশ্য পাত্রে সযত্নে সাজানো হরেক রকম গাছের উপস্থাপনা। গাছগুলো ছোট, কিন্তু সংখ্যাটা বেশ বড়। সব মিলিয়ে ৩০০ গাছ। গাছের আকার ছোট হলেও দেখে মনে হয় যেন কোনো বন বা বাগান। ছোট্ট এই বাগানে মন যেন হারিয়ে যায় সবুজের সন্নিবেশে। কয়েকজন দর্শক তো ভেতরে ঢুকেই বলে উঠলেন, ‘বাহ!’
ছোট গাছের এই বড় প্রদর্শনীর আয়োজক লায়লা আহমেদ। অনেক বছর আগের কোনো একদিন শখের বশে ঢুকে পড়েছিলেন শিল্পী নাজমুল হকের বনসাই প্রদর্শনীতে। সেখান থেকেই বনসাইয়ের প্রতি তাঁর আগ্রহের সূচনা। একটি-দুটি করে বাড়তে থাকে তাঁর বনসাইয়ের সংগ্রহশালা। প্রদর্শনীর উদ্বোধন করেন দেশবরেণ্য প্রকৃতিবিদ অধ্যাপক দ্বিজেন শর্মা। সঙ্গে ছিলেন বিপ্রদাশ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রেডিয়েন্ট বনসাই সোসাইটির সভাপতি গুলশান নাসরীন চৌধুরীসহ আরও অনেকে। প্রদর্শনী ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।