ছোট দুই ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে ছোট দুই ভাইকে হত্যার দায়ে বড় ভাই আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. রবি-উজ-জামান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি সমীর দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৩ সালের ২২ জুলাই রাউজানের সুলতানপুর গ্রামে বড় ভাই আবুল কালাম আজাদ ছোট দুই ভাই আবু সুফিয়ান ও আবু মোরশেদকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত আবু সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাছরিন রাউজান থানায় মামলা করেন। একই বছরের ৩ আগস্ট পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। পরে হত্যার দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৩০ অক্টোবর আবুল কালামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত গতকাল এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডাদেশপ্রাপ্ত আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।