ছোট পরিসর, বড় উৎসাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সূত্রাপুরের শহীদ স্মৃতি পাঠাগার। সদস্যদের সঙ্গে পাঠাগারের সভাপতি উত্তম চন্দ্র শীল (নীল শার্ট পরা)। গতকাল ছবিটি তুলেছেন জয়দেব সরকার
সূত্রাপুরের শহীদ স্মৃতি পাঠাগার। সদস্যদের সঙ্গে পাঠাগারের সভাপতি উত্তম চন্দ্র শীল (নীল শার্ট পরা)। গতকাল ছবিটি তুলেছেন জয়দেব সরকার

সামনে এক চিলতে বাগান। কাঠমালতী, শিউলি, বেলি, কামিনী, টগর, জবা ফুলের গাছ। ফুল ধরেছে কোনো কোনোটিতে। ভোরবেলা জায়গাটি যেন শিউলি ফুলের বিছানা। পাশে বেশ একটু খোলা চত্বর। ডান কোণে প্রাচীন এক কূপ। ভেতরে জায়গা না হলে শিশুরা, বড়রা বই হাতে এই খোলা চত্বরেই ছড়িয়ে-ছিটিয়ে বসে যায়।
শোনাচ্ছি শহীদ স্মৃতি পাঠাগারের গল্প। এটি বয়সে নবীন, পরিসরেও ছোট। কিন্তু উৎসাহে, চিন্তায় আর স্বপ্ন দেখানোয় ছোট নয়।
জায়গাটা সূত্রাপুর থানার অন্তর্গত। পুরান ঢাকার এককালের সমৃদ্ধ অঞ্চল ফরাশগঞ্জের বি কে দাশ সড়কে পড়েছে এই পাঠাগার। থানার খুব কাছে প্রায় তিন শ বছরের প্রাচীন বিহারীলাল মন্দিরের ভেতরে এর অবস্থান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এখানকার বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকে হত্যা করে। সেই শহীদদের স্মৃতির প্রতি সম্মান দেখিয়েই পাঠাগারের নামকরণ।
এই মহল্লার তরুণ উত্তম চন্দ্র শীল, যিনি মন্দির কমিটির ব্যবস্থাপক, ২০১৩ সালের ১৬ ডিসেম্বর পাঠাগারটি প্রতিষ্ঠা করেন। ১৬ নভেম্বর (বুধবার) রাতে লাইব্রেরিতে বসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর উত্তম শোনাচ্ছিলেন প্রতিষ্ঠার পূর্বাপর, ‘এলাকার বড়রা নানাভাবে তাঁদের মনের খোরাক মেটানোর উপায় খুঁজে নেন। কিন্তু লক্ষ করলাম, কিশোরদের, শিশুদের জন্য তেমন ব্যবস্থা কোথাও নেই। তখন কয়েকজনের সঙ্গে আলোচনা করে একটা পাঠাগার প্রতিষ্ঠার কথা ভাবি।’
এখন যেখানে পাঠাগারটি, সেটি ছিল মূলত মন্দিরের হাঁড়িপাতিল রাখার জায়গা। ছেলেমেয়েদের উৎসাহ ও দাবির মুখে জায়গাটি পাঠাগার করার জন্য ছেড়ে দেন তাঁরা।
শহীদ স্মৃতি পাঠাগারে বইয়ের সংখ্যা সাড়ে ৬০০-এর মতো। এর মধ্যে ২০ থেকে ২৫টি কেনা। আর সব মহল্লা থেকে সংগ্রহ করা। উত্তম স্মরণ করেন, ‘প্রথম দিনেই ৭০টির মতো বই সংগ্রহ করতে পারি আমরা।’
১০ টাকা দিয়ে এই পাঠাগারের সদস্য হওয়া যায়। সদস্যরা পাঠাগারে বসে পড়তে পারেন। আবার বাড়িতেও নিতে পারেন। এখানকার ৭০ জন সদস্যের প্রায় সবাই এ মহল্লার বাসিন্দা। সবাই সবাইকে কমবেশি চেনেন।
পাঠাগারের নিয়মিত পাঠক সন্তু চক্রবর্তী। কে এল জুবিলি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস নাইনে পড়ে। অতি সম্প্রতি সে পড়ে শেষ করেছে সুকুমার রায়ের গল্প। ওর খেলাধুলার বই, জীবনকাহিনি পড়তে ভালো লাগে। সন্তু মনে করে, এই লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কম। আরও বই দরকার। ওর কথায়, ‘নজরুল, রবীন্দ্রনাথ, হু্মায়ূন আহমেদের বই আরও হলে ভালো হতো। সাধারণ জ্ঞান, বিজ্ঞানভিত্তিক বইও দরকার।’
এই প্রতিবেদকের উপস্থিতির খবর পেয়ে পাঠাগারে আসে প্রাপ্ত সাহা, শ্রাবণ চক্রবর্তী, দীপা সাহা, পাপ্পু দের মতো পাঠকেরা। তারা সবাই বেশ উৎসাহের সঙ্গে এই পাঠাগার নিয়ে তাদের নানা কথা শোনায়। এর মধ্যে প্রান্ত জানাল, তার সবচেয়ে ভালো লাগে বিশিষ্টজনদের আত্মজীবনী পড়তে। শ্রাবণ সম্প্রতি পড়েছে কবিগুরুর ‘দুই বিঘা জমি’। দীপা পড়ছে গীতাঞ্জলি।
পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত মহল্লার গানের প্রবীণ শিক্ষক প্রফুল্ল দাশ। তিনি পাঠাগারের সদস্যদের গান শেখান। প্রফুল্ল বলছিলেন, ‘পাঠাগারটি আরেকটু বড় হলে ভালো হতো। দরকার ছিল আরও কয়েকটা চেয়ার-টেবিল।’
তবে উত্তম চন্দ্র বলছিলেন, ‘পরিসর ছোট কি বড়, সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো পাঠকদের উৎসাহ আছে কি না। সেদিক থেকে আমরা একেবারে খারাপ অবস্থায় নেই। এই পাঠাগার প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য ছিল—তরুণপ্রাণে দেশপ্রেমের মনোভাব জাগ্রত করা আর শিশু-কিশোরদের অপসংস্কৃতি থেকে রক্ষা করা। সেই কাজটি করার চেষ্টায় আমরা নিবেদিত আছি।’
কথা বলে জানা গেল, স্থানীয় মানুষজনের মধ্যে যাঁরা সব সময় পাঠাগারটি পৃষ্ঠপোষকতা করেন, তাঁদের মধ্যে রয়েছেন বাবুল দে, নিতাই চন্দ্র ঘোষ, ইমরান হাবিব রুমন, নীলকমল সাহা। প্রথম দুজন মন্দির কমিটির সঙ্গে যুক্ত।
বই পড়ার পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় পাঠাগারের পক্ষ থেকে। প্রতি শুক্রবার বসে অঙ্কনের ক্লাস। ১৬ ডিসেম্বর, পয়লা বৈশাখ পালন করা হয় বেশ ঘটা করে। আয়োজন করা হয় মঞ্চনাটকের। ছেলেমেয়েদের নিয়ে আবৃত্তির আসর বসে প্রায় নিয়মিতই। ঢাকার দর্শনীয় স্থানগুলোতে পাঠকদের নিয়ে যাওয়া হয়।
সকাল নয়টা থেকে বেলা একটা এবং বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি। তবে পাঠকেরা চাইলে সময়ের হেরফের হতে পারে।