ছোট ভাইকে হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ছোট ভাই মো. শেখ ফরিদকে হত্যার অভিযোগে বড় ভাই মো. বাবুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ফেনীর অতিরিক্ত দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় ঘোষণা করেন। আসামি মো. বাবুল মিয়া পলাতক। আদালতের রায়ে বলা হয়, আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বা পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর থেকে সাজা কার্যকর হবে।
সহকারী সরকারি কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক বলেন, ২০০৪ সালের ৫ এপ্রিল এ হত্যার ঘটনা ঘটে। ৭ এপ্রিল পরশুরাম থানায় একটি হত্যা মামলা হয়। পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম তদন্ত শেষে একই বছরের ২৫ জুলাই মো. বাবুল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঘটনার পর থেকে মো. বাবুল মিয়া পলাতক।