ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন
নরসিংদীর মনোহরদীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বজলুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান কোচেরচর গ্রামের মৃত গয়েছ আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোচেরচর গ্রামের মৃত গয়েছ আলীর ছোট ছেলে সোহেল মিয়ার সঙ্গে তাঁরই বড় ভাই বজলুর রহমানের বেশ কয়েক দিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বাড়ির আঙিনা (উঠান) দিয়ে বৃষ্টির পানি প্রবাহকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই সোহেল মিয়া তাঁর বসতঘর থেকে ছুরি নিয়ে এসে বড় ভাই বজলুর রহমানকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী ঘাতক সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মনোহরদী থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থল থেকে বজলুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল মিয়াকে আটক করা হয়েছে।