ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যায় বড় ভাইয়ের যাবজ্জীবন
চট্টগ্রামে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে বড় ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম নুর মোহাম্মদ।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালের ৬ জানুয়ারি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার উত্তর হালিশহর এলাকায় পারিবারিক কলহের জের ধরে খুন হন মীর আহমেদের স্ত্রী নাজমা আক্তার। এ ঘটনায় নিহত গৃহবধূর বোন নাসিমা আক্তার বাদী হয়ে মামলা করেন। তদন্ত করে পুলিশ মীর আহমেদের বড় ভাই নূর মোহাম্মদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ আসামির উপস্থিতিতে এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।