রংপুর শহরে ঢোকার পথে সাতমাথা মোড়ে প্রায় ২০০ গজ সড়ক ভেঙে গেছে। কিন্তু এই সামান্য ভাঙনেই ভোগান্তির শেষ নেই। সেখানে বৃষ্টির পানি জমে ছোটখাটো পুকুরে পরিণত হয়েছে। পথচারীদের দুর্ভোগের পাশাপাশি যান চলাচলও বিঘ্নিত হচ্ছে এই ছোট্ট ভাঙনে।
স্থানীয় লোকজনের অভিযোগ, চার মাস ধরে সড়কটির এই হাল। কিন্তু সংস্কারে সিটি করপোরেশনের কোনো উদ্যোগ নেই।
এই সাতমাথা মোড়ে সাতটি সড়ক সাত দিকে চলে গেছে। এই মোড় থেকে একটি সড়ক চলে এসেছে শহরের মধ্যে। আর ওই সড়কেরই শুরুতে এই ভাঙন। পানি জমে বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সাতমাথা মোড় থেকে শহরের দিকে যেতে প্রধান সড়কটির প্রায় ২০০ গজের অবস্থা বেহাল। সেখান থেকে বৃষ্টির পানি যে সরে যাবে তারও উপায় নেই। কারণ, পাশেই নালা নির্মাণ হচ্ছে। সে কারণে সড়কে আটকে যাচ্ছে পানি। বদ্ধ জলকাদার কারণে হেঁটে চলারও উপায় নেই।
সড়কটির দুই পাশে দোকানপাট রয়েছে। খানাখন্দের কারণে এসব দোকান ঘেঁষে কোনো রকমে চলাচল করতে হয় পথচারীদের। কোনো গাড়ি দ্রুত গতিতে ছুটে গেলে নোংরা পানি ছিটকে দোকানে গিয়ে পড়ে। পথচারীদেরও কাপড়চোপড় নষ্ট হয়। এ রকম পরিস্থিতির শিকার ব্যবসায়ী ইকবাল মিয়া বলেন, ‘চার মাস থেকে আমরা দাবি জানিয়ে আসছি এই সামান্য সড়কটি ঠিক করার। কিন্তু সিটি করপোরেশন শুধু শুধু গড়িমসি করছে।’
রিকশাযাত্রী হাসিবুল ইসলাম অভিযোগ করেন, সড়কটি যে কত গুরুত্বপূর্ণ, তা বুঝতে চাইছে না সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
জানতে চাইলে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী গত বুধবার প্রথম আলোকে বলেন, ওই সড়কের একটু দূরে রেলক্রসিংয়ের পাশ দিয়ে একটি নর্দমা নির্মাণ করা হচ্ছে। এই নর্দমা নির্মিত হলে সড়কটিতে আর পানি জমে থাকবে না। তখন দুর্ভোগও দূর হবে।