ছোট হয়ে আসছে এগারসিন্দুর দুর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার ভূঁইয়ার বিখ্যাত ভূঁইয়া ঈশা খাঁর স্মৃতিবিজড়িত এগারসিন্দুর দুর্গটি একদিকে যেমন দেবে যাচ্ছে অপরদিকে মাটিতে ঢাকা পড়ে বা ক্ষয়ে আকারেও ছোট হয়ে আসছে৷ উপরন্তু এখন পাশেই পুকুর খননের কাজ চলায় পুরো দুর্গটির অস্তিত্বই হুমকির মুখে পড়েছে৷
বিদ্যালয়ের শিশু থেকে শুরু করে সাধারণ গৃহবধূর চোখে দুর্গটির দুর্দশা ধরা পড়লেও প্রশাসন জানে না কিছুই৷ ঐতিহাসিক স্থাপত্যটি রক্ষায় তাঁদের কোনো উদ্যোগ নেই৷
গত শনিবার (৭ জুন) দুপুরে ওই দুর্গে গিয়ে দেখা যায়, অরক্ষিত ঐতিহাসিক স্থাপত্যটি দেবে উচ্চতা কমে গেছে৷
আশপাশে মাটি পড়তে পড়তে আর ক্ষয়ে যাওয়া ইট-সুরকি বৃষ্টিতে ধুয়ে গিয়ে আকারেও ছোট হয়ে গেছে দুর্গটি৷ দুর্গের দুই পাশে দুটি মসজিদ এখনো দাঁড়িয়ে আছে। মসজিদ দুটির নিয়ন্ত্রণ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। বর্তমানে দুর্গ েঘঁষে একটি পুকুর কাটা হচ্ছে৷ এটির আয়তন ৮৫ শতাংশ। পুকুরটি খনন করছেন স্বপন মিয়া নামের এক ব্যক্তি৷ তিনি থাকেন ঢাকায়৷
স্থানীয়রা বলেন, দুর্গ ঘেঁষে পুকুরটি খনন করায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে৷ তা ছাড়া একজন দুর্গের পাশ ঘেঁষে মাটি কাটলে অন্যরা মাটি কাটা শুরু করবে৷
স্বপন মিয়ার বাড়িতে গিয়ে জানা যায়, পুকুর খনন শুরুর পর তিনি ঘন ঘন এলাকায় এলেও বাড়িতে থাকেন না৷ তাঁর মুঠোফোনের নম্বরও বাড়ির কেউ দেননি৷
স্বপন মিয়ার চাচাতো ভাই নূর হোসেন বলেন, পুকুরের জায়গা স্বপন মিয়ার। তিনি নিজের জায়গায় পুকুর কাটছেন।
এদিকে শনিবার দুর্গ দেখতে এসেছিল স্থানীয় বাহাদিয়া উচ্চবিদ্যালয়ের দুই ছাত্র জুনায়েদ পিয়াস ও মনির হোসেন৷ হতাশ জুনায়েদ বলল, ‘প্রথমবার আসলাম৷ বইয়ে ঈশা খাঁর দুর্গের যে বর্ণনা পড়েছিলাম, এসে তো তার কিছুই দেখলাম না৷’
দুর্গ এলাকার বাসিন্দা ইমাম উদ্দিনের স্ত্রী মমতা বেগম (৫০) আফসোস করে বলেন, ‘২০/২২ বচ্ছর আগে বিয়ে হইয়া এইখানে আসার পর একবার দুর্গের মাথায় উঠছিলাম। উঠতে মেলা কষ্ট হইছিল মনে আছে৷ আর দুর্গের মাথায় উইঠা পাশের জেলা গাজীপুরের টুক এলাকা পর্যন্ত দেখছিলাম৷ কিন্তু এখন তো দুর্গটা মাটিত ডুইবা যাইতাছে৷ কেউ দেহেও না৷’
ঐতিহাসিকদের মতে, ষোড়শ শতকের প্রাচীন দুর্গ এগারসিন্দুর। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এর অবস্থান৷
১৫৮৬ খ্রিষ্টাব্দে ঈশা খাঁ জমিদার চাঁদ রায়ের মেয়ে স্বর্ণময়ীকে বিয়ে করে এখানে বসবাস শুরু করেন৷ ১৫৯৭ খ্রিষ্টাব্দে এই দুর্গ এলাকায়ই মোগল সেনাপতি রাজা মান সিংহের সঙ্গে ঈশা খাঁর যুদ্ধ হয়৷
এদিকে এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুল করিম জানান, দুর্গ ঘেঁষে পুকুর কাটার বিষয়টি তাঁর জানা নেই৷ তবে বিষয়টি তিনি উপজেলা প্রশাসনকে জানাবেন বলে আশ্বাস দেন৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন বলেন, তথ্যটি তাঁরও জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। এখানে পুকুর কাটা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।