ছোট-মাঝারি শহরে উন্নয়ন করে বড় শহরে চাপ কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর পরিকল্পনাবিদেরা বলেছেন, ছোট ও মাঝারি শহরে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বড় শহরের ওপর চাপ কমাতে হবে। শহরের ওয়ার্ডগুলোকে নগর ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে জনগণকে নগর উন্নয়ন ও ব্যবস্থাপনায় অংশীদারত্বের ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে।
গতকাল শুক্রবার বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) কার্যালয়ে বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে নগর পরিকল্পনাবিদেরা এসব কথা বলেন। বিআইপি, নগর উন্নয়ন অধিদপ্তর, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, অ্যাকশনএইড বাংলাদেশ, বিএসআরএম, ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেভ দ্য চিলড্রেন এবং ওয়াটারএইড বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
পৃথিবীকে পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন দেশে ১৯৪৯ সাল থেকে প্রতিবছর নভেম্বরের প্রথম সপ্তাহে নগর পরিকল্পনা দিবস পালিত হয়। বিআইপির উদ্যোগে এ দেশে ২০০৫ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। এবারের বিশ্ব নগর পরিকল্পনা দিবসের প্রতিপাদ্য হলো ‘পৃথিবীজুড়ে পরিকল্পনা’।
বক্তারা বলেন, নগর উন্নয়ন অধিদপ্তর এবং দেশের সব নগর উন্নয়ন কর্তৃপক্ষকে পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নের জন্য যথেষ্ট শক্তিশালী করতে হবে। তাঁরা নগর পরিকল্পনা ও বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ এবং জনগণবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিআইপির সভাপতি এ কে এম আবুল কালামের সভাপতিত্বে সেমিনারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ্ খন্দকার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।