ছেড়ে আমের আশা এখন পাখির বাসা
তিন বছর ধরে আবদুল হামিদ আমের আশা ছেড়ে দিয়েছেন। আমের বদলে পাখির বাসায় ভরে গেছে তাঁর বাগান। তিন বছর আগে সাড়ে তিন বিঘার এই বাগানের আম বিক্রি হয়েছিল দেড় লাখ টাকায়। তারপর পুরোটা পাখির দখলে। আবদুল হামিদ আম ছেড়ে পাখি পেয়েই খুশি।পাখি দেখতে প্রতিদিনই বাগানে মানুষের ঢল নামে। পাখি দেখার পাশাপাশি তাঁরা আবদুল হামিদেরও খোঁজ নেন। শ্রদ্ধা জানান। আবদুল হামিদ সারা দিন এসব নিয়েই থাকেন। পাখির জন্য কাজ করতে গিয়ে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় তাঁর কোমর ভেঙে গেছে। এখন বিছানায় শুয়ে থেকেও পাখির কথাই ভাবেন। আবদুল হামিদের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি চকপাড়া গ্রামে। ছিলেন স্কুলশিক্ষক। প্রায় চার বছর আগে অবসর নিয়েছেন। কয়েক দিন আগে ভাল্লুকগাছি চকপাড়া গ্রামে যাওয়ার পথে প্রায় এক কিলোমিটার দূর থেকেই বোঝা যাচ্ছিল পাশে কোনো একটা পাখির অভয়ারণ্য রয়েছে। পাখির এলোপাতাড়ি ওড়াউড়ি দূর থেকেই নজর কাড়ে। গ্রামের প্রবেশপথে পাখির কথা বলতেই স্থানীয় লোকজন বলেন, ‘ও হামিদ মাস্টারের বাগান?’ পাখির নামের সঙ্গে তাঁর নাম যুক্ত হয়ে গেছে। বাগানে কত পাখি আছে তার হিসাব করতে না যাওয়াই ভালো। ডালে ডালে পাতায় পাতায় পাখি বসে আছে। ডাকাডাকি করছে। তখন চোখ জুড়িয়ে যাচ্ছে। বাগানের গাছে নিচের লতাপাতা-ঘাস সবকিছু পাখির বিষ্ঠা আর পালকে সাদা হয়ে গেছে। পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বাগানের ভেতরে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। তাতে এই বাগানকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। বাগানের সিংহভাগ পাখিই শামুকখোল। এ ছাড়া রয়েছে বক, পানকৌড়ি ও দেশীয় জাতের পাখি। শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সম্প্রতি এই বাগানের পাখির জীবনচক্র নিয়ে তথ্যসমৃদ্ধ একটি সাইনবোর্ড বাগানে টাঙিয়ে দিয়েছেন। বাগানের পাশে অন্য মানুষের গাছ রয়েছে, কিন্তু পাখিরা শুধু তাঁর গাছেই বাসা বেঁধেছে। তাতেই ডিম দিচ্ছে। বাচ্চা ফোটাচ্ছে। এমনকি আবদুল হামিদের বাড়ির পাশের গাছগুলোতেও গিয়ে পাখিরা বসবাস করছে। পাশেই অন্য মানুষের গাছ রয়েছে। সেখানে পাখি নেই। পাখি দেখতে আসা রাজশাহী কলেজের ভূগোল বিভাগের শিক্ষার্থী সবুজকুমার সরকার বলেন, ‘বাগানের ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন অন্য কোনো ভুবনে প্রবেশ করেছি। এটা একান্তই পাখির রাজ্য। কিচিরমিচির আর কলকাকলিতে মুখরিত এই এলাকায় বাইরের কোনো শব্দই কানে আসছে না।’ গ্রামের যুবক আশরাফুল ইসলাম জানান, এই গ্রামের মানুষ এখন সবাই সচেতন হয়ে গেছেন। তাঁরা কেউ পাখি শিকার করেন না। তবে বাইরের গ্রাম থেকে মাঝেমধ্যে শিকারিরা বন্দুক নিয়ে আসেন। সবাই মিলে তাঁদের বুঝিয়ে ফেরত পাঠান।পাখিপ্রেমী আবদুল হামিদ বলেন, ‘পাখিকে ডাকলে তো কারও বাড়িতে যাবে না। নিজের ইচ্ছায় ওরা আমার বাগানে এসেছে। আমি ওদের তাড়াইনি। তা ছাড়া, পাখিরা আমাদের জাতীয় সম্পদ। ওদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আর এখানে পাখি আছে বলেই প্রতিদিন দূরদূরান্ত থেকে এত মানুষ আসে। দেখে আমি আনন্দ পাই।’পুঠিয়ার ইউএনও লুৎফর রহমান বলেন, পাখি সংরক্ষণে আবদুল হামিদের অবদান অনুকরণীয়। তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়ভাবে কিছু করার সুযোগ থাকলে তাঁর জন্য তিনি অবশ্যই করতেন।