ছোট আয়োজনেও নিখাদ ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়োজন ছোট, কিন্তু তা পরিপূর্ণ ছিল নিখাদ ভালোবাসায়। ছিল মুক্তিযুদ্ধের চেতনায় মুখর। রাজধানীর পাড়া-মহল্লায় গতকাল সোমবার বিজয় দিবস উদ্যাপিত হয়েছে আনন্দ-উৎসাহের সঙ্গে। দিনভর অনুরণিত হয়েছে বিজয়ের জয়গান।
পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাধারণ মানুষের দেশাত্মবোধ। দেখা গেছে, লাল-সবুজ জামা পরে নারী-পুরুষেরা বেরিয়ে পড়ে রাস্তায়। বাড়ির ছাদে ছোট ছোট পতাকা। গালে জাতীয় পতাকা এঁকে, হাতে ছোট্ট পতাকা নিয়ে বাংলাদেশ, বাংলাদেশ বলে মিছিল করেছে।
ওয়ারীর স্কুলশিক্ষার্থী মালিহা, আহনাফ, আদিব ও এশা আগের রাতে বাবার কাছে বায়না ধরেছিল পতাকার। বাবা এনে দেন পতাকা। ঘর ও বারান্দায় পতাকা সাজিয়ে তারা নিজেরাই বিজয় দিবস উদ্যাপন করে।
ইন্দিরা রোডের চার বছরের শিশু প্রিয়তার কাছে বিজয় দিবস ছিল নিজের জন্মদিনের মতো। সে ছোট্ট পতাকা নিয়ে সারা দিন খেলা করে।
রোববার মধ্যরাত পর্যন্ত বাড়ির ছাদে ও রাস্তায় আলো জ্বালিয়ে সাজানো হয়েছে অনেক স্থান। গতকাল সকাল থেকে বেজেছে গান। অনেকে ভালো খাবারের আয়োজন করে। ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনও করতে দেখা যায়। কোথাও কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
টিপু সুলতান রোডে ঢাকা সিটি করপোরেশনের স্বল্প-আয়ের কর্মচারীদের কলোনিতে গতকাল বিজয় দিবস যেন বয়ে এনেছিল অনাবিল আনন্দ। স্বাভাবিক সময়ের অসহিষ্ণু বিবাদ-বিভেদ ভুলে গিয়ে সকাল থেকেই তারা ছিল বিজয় দিবসের উল্লাসে।
মেয়েদের পরনে ছিল লাল-সবুজে ঢাকা শাড়ি। ছেলেরা ছিল স্বাধীনতার প্রতীকী পোশাকে। দিনভর দেশাত্মবোধক নাচ-গানে মুখর ছিল পুরো এলাকা। কখনো নিজেরাই নাচ-গানে অংশ নিয়েছে, কখনো মাইকে বেজে উঠেছে গান।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ছিল নানা আয়োজনে মুখর। টিকাটুলী কে এম দাস লেনে অবস্থিত ইউনাইটেড স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল (ইউসিস) প্রাঙ্গণে সকাল থেকেই চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত ছাড়াও ছিল ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘হায় রে আমার মন মাতানো দেশ’ প্রভৃতি গান। স্কুলশিক্ষিকা দীপা চৌধুরী, ঝুমুর দেবনাথ, রাহিমা সিদ্দিকী, সোমা রায়চৌধুরী প্রমুখ কণ্ঠ দেন গানে।
ছোট্ট শিক্ষার্থী রণবীর দেবনাথ বিজয় দিবস কী জানে না। কিন্তু যখন তার কচি কণ্ঠে উঠে আসে ‘আমাদের দেশ আমরা সবাই ভালোবাসি’, তখন উপস্থিত সবাই যেন তার সঙ্গে একাত্ম হয়ে যায়। আলোচনা করেন সভাপতি মো. সেকান্দার হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল মোল্লা ও অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী।
এ ধরনের আয়োজন ছিল লক্ষ্মীবাজার, ফরাশগঞ্জ, গোলাপবাগ, মানিকনগর, বাসাবো এবং নতুন ঢাকার ধানমন্ডি, তেজকুনীপাড়া, শেরেবাংলা নগর, মণিপুরীপাড়া, মোহাম্মদপুর নূরজাহান রোড, মিরপুর কাজীপাড়া, কাফরুলসহ বিভিন্ন স্থানের পাড়া-মহল্লায়।