ছোট উদ্যোগ বড় সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট উদ্যোগ গ্রহণ করে বড় সাফল্য অর্জন করেছেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ছড়ারপাড় লম্বা গ্রামের বাসিন্দারা। তাঁরা স্বেচ্ছাশ্রমে ১৩৫ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো তৈরি করে মানুষের চলাচলের ব্যবস্থা করেছেন।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এ সাঁকো উদ্বোধন করেন নবনির্বাচিত স্থানীয় ইউপি চেয়ারম্যান আমির হোসেন।গ্রামের উদ্যোগী তরুণ আফতাব আলী জানান, ধরলা নদীর তীরবর্তী ছড়ারপাড় লম্বা গ্রামে প্রায় ৫০০ মানুষের বসবাস। বর্ষা মৌসুমে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। মানুষ ঝুঁকি নিয়ে নৌকা ও কলাগাছের ভেলায় খাল পারাপার হয়ে থাকে। গ্রামের কেউ অসুস্থ হলে চিকিৎসক আসতে চান না। জনপ্রতিনিধিদের বারবার বলেও কোনো লাভ হয়নি। সম্প্রতি গ্রামের সৈয়দ আলী, আবু বক্কর সিদ্দিক, তালেব আলী, শহিদুল ইসলাম ও নূরুজ্জামানকে বুঝিয়ে বলি, ‘আমরা সবাই বাঁশ দিলে এবং পরিশ্রম করলে যাতায়াতের জন্য একটি সাঁকো তৈরি করতে পারি। এ কথায় সবাই রাজি হয়। দুই সপ্তাহ আগে সবাই মিলে গ্রামের মানুষের কাছ থেকে ৩০০ বাঁশ সংগ্রহ করি। নিজেরাই চাঁদা দিয়ে গুনা ও দড়ি কিনে আনি। এরপর এক সপ্তাহে ১৩৫ ফুট লম্বা ও ছয় ফুট পাশের বাঁশের সাঁকো তৈরি করি।’ নবনির্বাচিত ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রামবাসীর এ উদ্যোগ ছোট, কিন্তু উপকার অনেক। এখান থেকে অনেক কিছু শেখার আছে।