ছোট কাটরার সামনে স্থাপনা নির্মাণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট কাটরার সামনে পলিথিনে ঢেকে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তরের কাজ চলছে   ছবি: প্রথম আলো
ছোট কাটরার সামনে পলিথিনে ঢেকে বহুতল ভবনের ভিত্তিপ্রস্তরের কাজ চলছে ছবি: প্রথম আলো

পুরান ঢাকার ছোট কাটরার সামনে আইন অমান্য করে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। এতে ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী এই স্থাপনাটি সৌন্দর্য হারাতে বসেছে। অভিযোগ রয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কোনো কিছু যাচাই-বাছাই না করেই ভবনটি নির্মাণের অনুমতি দিয়েছে।
পুরান ঢাকার চাম্পাতলি লেনে তিন মাস আগে নয়তলা ভবনের নির্মাণকাজ শুরু করেন আবদুল কাদের নামের এক ব্যবসায়ী। আইনি ঝামেলার কারণে কিছুদিন নির্মাণকাজ বন্ধ ছিল। সম্প্রতি আবার কাজ শুরু করেছেন তিনি। বর্তমানে ভিত্তিপ্রস্তর নির্মাণের কাজ চলছে।
রাজধানীর ঐতিহাসিক, নান্দনিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি ঢাকার নান্দনিক সৌন্দর্যমণ্ডিত ৯৩টি ভবন, পুরো শাঁখারীবাজার এলাকা এবং ফরাশগঞ্জ, সূত্রাপুর এলাকার নয়টি সড়ককে সংরক্ষিত ঘোষণা করে আইন প্রণয়ন করা হয়। এতে সৌন্দর্যমণ্ডিত ভবনের আড়াই শ মিটারের মধ্যে (যা মূল ভবনটির সৌন্দর্যের ক্ষতি করে) কোনো ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। আর এই আইনে সৌন্দর্যমণ্ডিত ভবনগুলোর মধ্যে অন্যতম হলো ছোট কাটরা।
ছোট কাটরা মোগল আমলে নির্মিত একটি ইমারত। সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য ছোট কাটরা নির্মাণ করা হয়েছিল। বর্তমানে একটি জরাজীর্ণ ইমারত ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। চার বছর আগে আইন প্রণয়ন করা হলেও ছোট কাটরা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিন: গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, চাম্পাতলি লেনে ছোট কাটরার দেয়ালের দক্ষিণ-পশ্চিম পাশে ওই ভবনের নির্মাণকাজ চলছে। চারপাশে টিনের ঘেরা দিয়ে, আর ওপরে পলিথিনের ছাউনি দিয়ে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছেন। একটি ফটক থাকলেও তাতে তালা লাগানো।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক ব্যবসায়ী (৫৯) বলেন, একসময় ছোট কাটরার সামনে কোনো ধরনের স্থাপনা ছিল না। কিন্তু এখন ছোট-বড় অসংখ্য স্থাপনা গড়ে উঠেছে। এভাবে চলতে থাকলে ছোট কাটরা একদিন হারিয়ে যাবে।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আতাউর রহমান বলেন, ‘কিছুদিন আগে ভবনমালিককে নির্মাণকাজ বন্ধ করতে বলা হয়েছে।’
কিন্তু এখনো নির্মাণকাজ চলছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা দুই সদস্যের একটি কমিটি গঠন করেছি। বাড়ির মালিক নির্মাণকাজ বন্ধ না করলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বাড়ির মালিক আবদুল কাদের প্রথম আলোর কাছে দাবি করেছেন, ‘রাজউক থেকে অনুমতি নিয়েই নির্মাণকাজ শুরু করা হয়েছে। এ ক্ষেত্রে নির্মাণকাজে বাধা দেওয়ার কোনো কারণ নেই।’
নগরের ঐতিহ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম বলেন, ‘ছোট কাটরার সৌন্দর্য নষ্ট হয়, আইন অনুযায়ী এমন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। আর যদি তা করা হয়, তা হলে দেশে ঐতিহ্য বলে আর কিছু থাকবে না।’
আবদুল কাদের অনুমতি নিয়েছেন কি না, এ প্রশ্নের জবাবে রাজউকের পরিকল্পনা বিভাগের সদস্য আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘অনুমতি দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।’