ছোট গজনীতে টর্নেডোর আঘাত, ২৭টি ঘরবাড়ি বিধ্বস্ত
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের পাদদেশের ছোট গজনী গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। এতে ২৭টি ঘরবাড়ি ও সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে প্রবল বেগে টর্নেডো আঘাত হানে। মাত্র পাঁচ থেকে সাত মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে গ্রামটির ২২ পরিবারের নয়টি বাড়ি সম্পূর্ণরূপে ও ১৮টি বাড়ি আংশিক এবং সহস্রাধিক গাছপালা বিধ্বস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।
টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ডানেন সাংমার স্ত্রী কল্পনা মারাক আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, টর্নেডো তাঁদের ঘরটি উড়িয়ে নিয়ে গেছে। এখন দুটি ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনার উল্লাহ প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই খোলা আকাশের নিচে রয়েছে। জরুরিভিত্তিতে তাদের এখন সরকারি সাহায্য প্রয়োজন।
আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা হচ্ছে। এটি জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। তারপর নিয়মানুযায়ী তাদের ত্রাণসহায়তা দেওয়া হবে। তবে কোনো পরিবার খোলা আকাশের নিচে নেই বলে তিনি জানান।