কাপ্তাই-রাঙামাটি সড়কের ওয়াগ্গা নামক স্থানে ছোট একটি গর্তের সৃষ্টি হয়েছিল কিছুদিন আগে। ওই গর্তের ওপর দিয়ে গাড়ি চলাচল করে দিন দিন সেটি বিশাল হয়ে যায়। সেদিনকার ওই ছোট গর্তটি এখন অনেক বড় দুর্ঘটনার আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে বলে জানান এলাকাবাসী। ওই সড়কে যাত্রীবাহী বাসের চালক মো. ফোরকান জানান, ১০ ফুট চওড়া রাস্তার বর্তমানে সাত ফুট জায়গাই গর্তের কবলে। ওই স্থানে রাস্তার একপাশে খাড়া পাহাড়, আরেক পাশে গভীর খাদ। এ রকম রাস্তায় ওই গর্তে চাকা পড়ে প্রায় সময়ই বিকল হয়ে যায় গাড়ি। একটু অসতর্ক হলেই গাড়ি ২০০ ফুট গভীর খাদে পড়ার ভয়। স্থানীয় ইউপি সদস্য বসুধা তংচংগ্যা (৩৫) জানান, এ সড়কে কাপ্তাই, রাঙামাটি, ঘাঘড়া, বান্দরবান ও খাগড়াছড়ির যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যান চলাচল করে। সেনাবাহিনীর ভারী গাড়িও প্রতিদিন চলাচল করে এ পথে। সবাইকে ওই গর্তের সামনে এসে থমকে দাঁড়াতে হয়। ৮ ও ৯ অক্টোবর যথাক্রমে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী কাপ্তাইয়ে দুটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তাঁদের বহনকারী গাড়িগুলোও ওই গর্তের সামনে এসে প্রথমে থেমে যায়। পরে অতিসতর্কতার সঙ্গে পথটুকু পাড়ি দেয়। স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক অলোক বড়ুয়া জানান, বড়জোর ৫০০ টাকার ইটের কাঁকর ফেলেই গর্তটি সাময়িক ভরাট করা যায়। কিন্তু সামান্য টাকা খরচ করে এ কাজটিই কেউ করছেন না। প্রতিদিন অনেক জনপ্রতিনিধি ওই সড়ক দিয়ে যাতায়াত করেন। ভোগান্তির শিকার হলেও কারও চোখেই যেন পড়ছে না গর্তটি।