ছোট ঘর থেকে স্বপ্ন এখন বড় ঘরে
তিন বছর আগে ১২ গ্রামের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রা করেছিল প্রতিষ্ঠানটি। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। ছোট ঘরে বড় স্বপ্ন নিয়ে চালু করা প্রতিষ্ঠানটি আজ বড় ঘরে স্থানান্তরিত হয়েছে। ছোট্ট টিনের ঘর, টিনের চালের বদলে হয়েছে দ্বিতল ভবন। ভবনের ঝকঝকে রং যেন এলাকার মানুষের মনে লেগেছে। কোমলমতি শিক্ষার্থীদের মন নাচছে আনন্দে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও, দোহালিহা ও চরমহল্লা ইউনিয়নের ওই সব গ্রামের ছেলেমেয়েদের অনেকেই পাঠশালার পাঠ শেষ করে লেখাপড়া বন্ধ করে দিত। এলাকায় দরিদ্র মানুষ বেশি। রাস্তাঘাট নেই। ধারেকাছে ছিল না মাধ্যমিক বিদ্যালয়। যদি যেতেই হতো, দূরত্ব সাত থেকে আট কিলোমিটার।
এই নিয়ে দুঃখবোধ ছিল অনেকের মনে। সেই দুঃখ ঘোচাতে ১২ গ্রামের লোকজন মিলে ২০১১ সালে প্রতিষ্ঠা করেন ‘সোনাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়’। বর্তমানে বিদ্যালয়টির নাম ‘সোনাপুর (এসইএসডিপি) মডেল উচ্চবিদ্যালয়’। মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্পের (এসইএসডিপি) আওতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
গত শনিবার নতুন ভবনের উদ্বোধন করেন ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ মুহিবুর রহমান। বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন কয়েক হাজার লোক।
২০১১ সালের ৪ মার্চ প্রথম আলোয় ‘ছোট ঘরে বড় স্বপ্ন’ শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। তখন বিদ্যালয়ে কোনো নলকূপ ছিল না। ছিল না শিক্ষক-শিক্ষার্থীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা। প্রথম আলোর প্রতিবেদন পড়ে সুইজারল্যান্ডপ্রবাসী শামসুন্নাহার বেগম নামের এক বাংলাদেশি তাঁদের সহায়তায় এগিয়ে আসেন। তিনি পর্যায়ক্রমে বিদ্যালয়ে একটি নলকূপ স্থাপন, ৪০ জোড়া বেঞ্চ, একটি টেবিল, একটি স্টিলের আলমারি ও চেয়ার দিয়ে সহায়তা করেন।
বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান জানান, ৫৭ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি শুরু হয়েছিল। আজ শিক্ষার্থী দুই শতাধিক। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের অন্যতম স্থানীয় ইউপি সদস্য প্রতাপ চন্দ্র দাস জানান, বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ-প্রক্রিয়া চলছে।
বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সভাপতি আবদুল মান্নান (৬৮) বললেন, ‘আমরা ছোট ঘরে বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আজ সেই স্বপ্ন বড় ঘরে স্থানান্তরিত হয়েছে।’